নীল রায়
একই দিনে জোড়া খুন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দুটি ক্ষেত্রেই নিহতরা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী। প্রথমটি ঘটে কুলতলিতে, অন্যটি ক্যানিংয়ে। রবিবার সন্ধ্যায় কুলতলীর পোয়েত নস্করের হাট এলাকায় খুন হওয়া ব্যক্তির নাম সুরথ মন্ডল (৪৫)। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় একটি চায়ের দোকানে বসে আড্ডা মারছিল সুরথ। আচমকাই বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে সুরজ মন্ডলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। সুরথ মাটিতে লুটিয়ে পড়লে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই মৃত্যুর ঘটনায় তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত হলেও। একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল সে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানির মতো অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দীর্ঘদিন জেল খেটেছিল বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ২০১৮ সালে জেল থেকে মুক্তি পেয়ে কুলতলিতে ফিরেছিল সুরথ। ঘটনায় রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই জানা গিয়েছে। অন্যদিকে, ক্যানিংয়ের দাড়িয়া গ্রামে রাজু নস্কর তৃণমূল নেতাকে খুন করা হল l রবিবার রাতে খুন হন এই তৃণমূল নেতা। রাজু স্থানীয় প্রধান শবনম নস্করের স্বামী, বয়স মাএ ২৬ বছর l স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। প্রশাসন সূত্রে খবর রাত পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । এই ঘটনা তৃণমূল কংগ্রেস অভিযোগের আঙুল পড়েছে বিজেপির দিকে। যদিও বিজেপি এই খুনকে তৃণমূলের অন্তর্কোন্দল বলে ব্যাখ্যা করেছে। গত সপ্তাহে বজবজ এলাকায় নিজের পার্টি অফিসে গুলিবিদ্ধ হন তৃণমূল কাউন্সিলর মিঠুন ঠিকাদার। গত বছর ১৩ ডিসেম্বর জয়নগর বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়িতে হামলা হলে মারা যান তিন জন। গাড়িতে না থাকায় বেঁচে যান তৃণমূল বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনা জেলায় পর পর তৃণমূল নেতারা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে দলের অন্দরমহলেই। প্রসঙ্গত, সরস্বতী পূজোর আগের দিন নিজের বাড়ির কাছে উদ্বোধনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হন নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই ঘটনার রেশ এখনও রাজ্য রাজনীতিতে তাজা।তাছাড়া গত সপ্তাহে বীরভূমের লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের গাড়ির ওপর হামলার ঘটনা ঘটায় তাকে বাঁচতে আশ্রয় নিতে হয় স্থানীয় থানায়। এ ঘটনা ক্রমশ বাড়তে থাকায় দুশ্চিন্তার বলিরেখা ক্রমশ বাড়ছে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের। সোমবার নজরুল মঞ্চে লোকসভা ভোটের আগে শেষবার কোর কমিটির বৈঠক বসেছে তৃণমূল নেতৃত্বের। এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় আসতে পারে নেতা-কর্মী-বিধায়কদের ওপর হামলার ঘটনার বিষয়টিও, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news