দেবক বন্দ্যোপাধ্যায়:
এ বছরের শেষেই বিধানসভা নির্বাচন… তখনও সিগারেট ধরাননি, হাতে ধরেছেন সবে, নির্লিপ্ত ভঙ্গিমায় আপাত নিরীহ কিন্তু রাজনৈতিক ব্যঞ্জনায় গভীর শব্দগুলি উচ্চারণ করলেন মুকুল রায়।
কিছুক্ষন আগে গড়বেতা থেকে ফিরেছেন। বুধবারের সকালেই উড়ে যাবেন শিলিগুড়ি। দু’একটা ফোন করা-ফোন ধরা আর চোখের সামনে দেওয়ালে টাঙানো টিভিতে চোখ রেখে আলগোছে দেখে নিচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়র সাক্ষাৎকার।
প্রার্থী নিয়ে বিতর্ক?
কুছ পরোয়া নেহি। মানুষ সমর্থন উজাড় করে দেবে।
মানুষ ভোট দিতে পারবে তো?
নিশ্চয়ই পারবে।
গলায় ও শরীরি ভাষায় ঝরে পড়ছে কনফিডেন্স।
গড়বেতায় বলে এসেছেন, বিজেপি ৩০ টা আসন পাবে। এমন হলে মমতার সরকার টিঁকবে তো?
উনিশের শেষেই রাজ্যে বিধানসভা ভোট।
ছেলে ছোকরার ভাষা ব্যবহার করে লিখলে লেখা যায়, ‘কুল’ উত্তর মুকুলের!
মেয়াদ শেষ হওয়ার প্রায় দু’বছর আগে ভোট হলে তা কোন পরিস্থিতিতে হতে পারে সে কথা সহজেই অনুমান করা যায়। অর্জুন সিংহ বলছেন ১০০ বিধায়ক দল ছেড়ে বিজেপিতে আসবেন। এ কথা যে ইঙ্গিত দেয় তা হল অর্জুন নির্ভুল হলে তৃণমূল নামক গোটা দলটাই মানসিকভাবে ফুল বদল করেছে। শোনা যাচ্ছে এ হেন ফুল বদলের বৈঠক প্রায়শই বসছে পূর্ব মেদিনীপুর জেলার কোনও না কোনও ছোট শহরে। হাওড়া জেলার কোনও বিধায়ক নাকি উজিয়ে মেদিনীপুর গিয়ে মিটিং করে আসছেন। সাংসদ নির্বাচনের আবহে বিধায়কদের নিয়ে এ হেন গেল গেল রব , তার ওপর মুকুলের এমন মন্তব্য…সব মিলিয়ে চৈতি ভোট-মরসুমে ঝড় ওঠার অপেক্ষা মাত্র।
ছবি সূত্রঃ INH
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news