নিজস্ব প্রতিনিধি
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভোট কারচুপি’ রুখতে উত্তরবঙ্গে চৌকিদারি করতে চললেন বিজেপি নেতা মুকুল রায়। ইতিমধ্যেই তাঁর টুইটার অ্যাকাউন্টে নামের আগে বসেছে চৌকিদার শব্দ। এবার সত্যি সত্যিই উত্তরবঙ্গে চৌকিদারি করতে যাচ্ছেন তিনি। আগামী ১২ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা আসনে নির্বাচন। ঘটনাচক্রে, ওই সময়কালে উত্তরবঙ্গেই থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুুলের অভিজ্ঞতা বলছে, সেখানে থেকেই প্রশাসনে ছড়ি ঘুরিয়ে ও আরও নানাবিধ উপায়ে বিজেপির জয়ের পথে কাঁটা বিছোবেন মমতা। তাই এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল রুখতে একদা তাঁর সেকেন্ড ইন কমান্ড মুকুল উত্তরবঙ্গেই ঘাঁটি গেড়ে বসবেন তাঁকে পাহারা দিতে। মুকুলের কথায়, “মমতা কারচুপি করার চেষ্টা করবে, আমি যাব ওঁকে পাহারা দিতে।” উল্লেখ্য, প্রাক্তন সতীর্থ হিসেবে মমতার ভোট পরিচালনা প্রসঙ্গে খুঁটিনাটি সব কিছুই জানেন মুকুল। তাই ভোট লুঠে তৃণমূলের ভোটের বিষদাঁত ভাঙ্গতে প্রাক্তন রেলমন্ত্রীকে নিজেদের হাতিয়ার করেছে গেরুয়া শিবির। বাংলায় এবারের লোকসভা ভোটে প্রার্থী চয়ন থেকে শুরু করে, প্রচার কৌশল সবেতেই নেতৃত্বে মুকুল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিলিগুড়ির ও ব্রিগেডের জনসভার মঞ্চেই হাজির থাকবেন বিজেপির গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায়। তাঁর নির্ভরযোগ্য কাঁধে দায়িত্ব দিয়ে অনেকাংশেই নিশ্চিত অমিত শাহ ও নরেন্দ্র মোদী। কিন্তু, এতদিন মুকুল রায়কে সরাসরি ভোট প্রক্রিয়ায় তাঁর প্রাক্তন নেত্রীর কৌশল রুখতে ময়দানে নামতে হয়নি। তিনি নিজেও জানেন কাজটা কঠিন, তবে দৃঢ় প্রত্যয় নিয়ে মুকুলের সংকল্প, “মমতার ভোট লুঠ রুখবোই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news