কিংস কাপের দল গড়ার স্বার্থে ৩৭ জনের থেকে আগেই ৬ জনকে বাদ দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের চিফ কোচ ইগর স্টিম্যাক। বৃহস্পতিবার ইগর ছেঁটে ফেললেন আরও ৬ ফুটবলারকে। এঁরা হলেন নারায়ণ দাস, সালাম রঞ্জন সিং, ধনপাল গণেশ, রওলিন বর্জেস, কোমল থাটাল। চোটের জন্য বাদ গেলেন স্টপার আনোয়ার আলি (জুনিয়র)। ২ জুন থাইল্যান্ডের বুরিরামের উদ্দেশে রওনা হওয়ার আগে চূড়ান্ত ২৩ জনের নাম জানাবেন ইগর। ভারতীয় চিফ কোচ বলেন, ‘বুধবারের প্রস্তুতি ম্যাচের পর পারফরমেন্স ও চোটের কারণে ২৫ জনে নামিয়ে এনেছি দল। শিবিরে প্রত্যেকেই সেরা দেওয়ার চেষ্টা করছে। তাই বাদ দিতে খারাপ লাগেই। কিন্তু শেষপর্যন্ত যারা অন্যদের থেকে কিছুটা এগিয়ে তারাই তো চূড়ান্ত দলে সুযোগ পাবে। এটাই সারা বিশ্বে নিয়ম। যারা বাদ পড়ল, তাদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হয়েছে। ভাল পারফর্ম করে ভারতীয় দলে ফেরার সুযোগ থাকবে এদের সামনেও।’ ৫ জুন কুরাসাওয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন সুনীলরা। জিতলে ৮ জুন ফাইনালে থাইল্যান্ড ও ভিয়েতনামের বিজয়ীর বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news