নীল রায়:
রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ নিয়ে জট কাটার পর এখন ৭-৮ টি আসন নিয়ে বামেদের সঙ্গে দড়ি টানাটানি চলছে রাজ্য কংগ্রেসের। এই আসনগুলিতে রফাসূত্র বের না করে, আগ বাড়িয়ে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলে কংগ্রেসের কাছে ভুল বার্তা যেতে পারে বলে মনে করছেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব। রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থীদের নাম ঘোষণা করার পর সমস্যা হয়েছিল। তাই বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে ঠিক হয়েছে, কংগ্রেসের সঙ্গে আলোচনার জন্য আরও দু’একদিন অপেক্ষা করতে হবে। তারপরই ঘোষণা করা হবে প্রার্থীদের নাম।
গত রবিবার নির্বাচন ঘোষণার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন, “১৩ তারিখ বিকেলেই সিপিএম সহ বাম প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হবে।” প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য বুধবার দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠকও ডাকা হয়েছিল। কিন্তু এদিন প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না বামেরা। যদিও আগেই সিপিএম রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে গতবার জেতা দুই সাংসদ মহম্মদ সেলিম এবং বদরুদ্দোজা খানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
বুধবার সকালে আলিমুদ্দিন স্ট্রিটে বসেছিল সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। এদিন প্রার্থী তালিকা ঘোষণা এবং নির্বাচনী কৌশল চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা হয়। সূত্রের খবর, সিপিএমের পক্ষে যাঁরা কংগ্রেসের সঙ্গে আলোচনা করছেন, তাঁরা সম্পাদকমণ্ডলীর বৈঠকে রিপোর্ট করেন, প্রায় ৭-৮ টি লোকসভা আসনে এখনও জট আছে। এই আসনগুলি নিয়ে আলোচনা হয় সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে। এই আসনগুলি হল দার্জিলিং, পুরুলিয়া, কলকাতা উত্তর, বারাকপুর, তমলুক, হাওড়া, আলিপুরদুয়ার, আসানসোল। এর মধ্যে পুরুলিয়া এবং আলিপুরদুয়ার ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির জন্য বরাদ্দ আসন। এই দুটি আসন নিয়ে সিপিএম নেতৃত্ব কংগ্রেসকে কোনও চূড়ান্ত কথা দিতে পারছেন না। সিপিএম নেতারা ঠিক করেছেন, এই আসন দুটি নিয়ে বিমান বসু শরিকদের সঙ্গে কথা বলবেন, দরকারে কংগ্রেসের সঙ্গে আবার কথা বলা হবে। কলকাতা উত্তর, বারাকপুর আসন সিপিএম ছেড়ে দিতে রাজি। কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট চায় কলকাতা উত্তরে প্রত্যক্ষভাবে রাজনীতিতে না থাকা কাউকে প্রার্থী করুক কংগ্রেস। একইভাবে সিপিএম চাইছে, দার্জিলিং কেন্দ্রেও প্রত্যক্ষভাবে রাজনীতি না করা পাহাড়ের কাউকে প্রার্থী করতে। কিন্তু কংগ্রেস এই আসনটির দাবি করছে। সবচেয়ে সমস্যা হয়েছে পুরুলিয়া আসন নিয়ে। এই আসনের দাবি থেকে সরছে না কংগ্রেস। অন্যদিকে ফরওয়ার্ড ব্লকও এই আসন ছাড়বে না বলে জানিয়েছে। আসানসোল এবং তমলুক আসন সিপিএম কোনওভাবেই ছাড়তে চাইছে না। কংগ্রেসও তমলুক আসন নিয়ে গোঁ ধরে বসে আছে। সব মিলে এই ৭-৮ টি আসনে এখনও সমাধানসূত্র মেলেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news