নীল রায়:
বিজেপিতে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের লড়াকু নেতা রাকেশ সিংহ। সোমবার দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গের অফিসে তিনি গেরুয়া শিবিরে নাম লেখাবেন।
এদিন ফোনে দিল্লি থেকে রাকেশ সিংহ নিজের বিজেপিতে যোগ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। ১৭ বছর কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর আচমকাই কেন বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি? এমন প্রশ্নের উত্তরে অভিমানী দেখিয়েছে রাকেশকে। তিনি বলেন, “কঠিন সময় কখনওই দলের সাহায্য পাইনি। আমাকে একাধিকবার ভুয়ো মামলায় জেলে ভরা হয়েছিল। একটি মামলায় তো রাজ্য সরকারের হয়ে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি আমার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে ছিলেন। পাল্টা রাম জেঠমালানি আমার পক্ষে সাওয়াল করায় এখন আমি মুক্ত। না হলে আমাকে হাজতবাস করতে হত।”
সম্প্রতি তার পুত্র সাহেব সিংহ কানাডা থেকে ফিরেছেন। ছাত্র সাহেবকে অভিযোগ ছাড়াই জেরা করার নাম করে কলকাতা পুলিশ তার পুত্রের ওপর ব্যাপক অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ রাকেশের গলায়। এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন। এক্ষেত্রে দলের কোনও নেতা ন্যূনতম সাহায্য তাকে করেননি বলেই অভিযোগ রাকেশের। তাই পদ্ম শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডাকাবুকো কংগ্রেস নেতা।
উল্লেখ্য, রাকেশ সিংহের সঙ্গে দক্ষিণ কলকাতা কংগ্রেস সংখ্যালঘু সেলের কমপক্ষে ৩৫ জন সক্রিয় নেতা-কর্মী বিজেপিতে নাম লেখাবেন বলেও এদিন দাবি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news