নীল রায়
মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে আরএসএস জুজু দেখিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা ও বেলডাঙ্গায় জনসভা করে কংগ্রেস প্রার্থী বহরমপুরে অধীর চৌধুরী ও জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায় বিরুদ্ধে আরএসএসের সঙ্গে সহযোগিতা নিয়ে ভোটে লড়ার অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার তার জবাব দেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। বিবৃতি জারি করে সোমেন বলেন “মমতা ব্যানার্জী মুসলিম অধ্যুষিত কেন্দ্রে গিয়ে আর এস এস- এর জুজু দেখিয়ে মুসলিম ভোট একত্রিত করতে চাইছেন।” প্রসঙ্গত মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও মালদহে গিয়ে নানা জনসভায় মুখ্যমন্ত্রী কংগ্রেস যুগের কথা তুলে ধরেছেন। প্রথমদিকে কংগ্রেস নেতৃত্ব বিষয়টি নিয়ে পাত্তা না দিলেও এখন তেড়ে-ফুঁড়ে জবাব দিতে নেমেছে প্রদেশ কংগ্রেস। যার ফলস্বরূপ সোমেন মিত্র বিবৃতি প্রকাশ করে মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন “প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনই চূড়ান্ত ব্যর্থ হয়ে উন্নয়নের কথা বাদ দিয়ে হিন্দু-মুসলমান মেরুকরণের রাজনীতি করছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে সোমেন মিত্র বলেন, “নরেন্দ্র মোদী সবকিছুতেই পাকিস্তান প্রসঙ্গ টেনে হিন্দু ভোট একজোট করতে চাইছেন।” তার আরও বক্তব্য, “হিন্দু- মুসলিম উভয়ই শিক্ষা, চাকরি, সম্মান চায়। কেউ এই নির্লজ্জ মেরুকরণ চায় না। তাই কংগ্রেস, দেশ বাঁচাবার ইস্যু নিয়ে নির্বাচনে নেমেছে। কংগ্রেসের অঙ্গীকার হিন্দু – মুসলিম সবার ন্যায় প্রতিষ্ঠা করা।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news