Breaking News
Home / TRENDING / আমি যার মামা

আমি যার মামা

 

শরদ জোশী

অনুবাদঃ পার্থসারথি পাণ্ডা

[শরদ জোশী, হিন্দি সাহিত্যের বিশিষ্ট লেখক। ব্যঙ্গ রচনায় তাঁর প্রসিদ্ধি। জন্ম- ২১ মে ১৯৩১, মৃত্যু- ৫ সেপ্টেম্বর ১৯৯১]।

বেনারস স্টেশনে এক ভদ্রলোক সবে নেমেছেন, এমন সময় একটি ছেলে প্রায় ছুটে এসে ‘মামা!’ বলে ঝপ করে প্রণাম করলো তাঁকে।

ভদ্রলোক ছেলেটিকে ঠিক চিনতে পারলেন না। বললেন, ‘তুমি কে, বাপু?’

‘এই দেখ কাণ্ড… চিনতে পারছেন না! ও মামা আমি যে মুন্না!

‘মুন্না!?’—স্মৃতি হাতড়ে বেজায় ভাবতে লাগলেন মামা, মানে ভদ্রলোক ।

‘এখনও চিনতে পারলেন না, না? না পারারই কথা, আসলে এত বছর হল…’

আপন মানুষকেও চিনতে পারছেন না! বয়স হয়েছে বুঝে ভদ্রলোক যার পর নাই লজ্জিত হলেন। তাই চেনার ভান করে কথা ঘোরাতে তৎক্ষণাৎ বলে বসলেন,
‘তা, তুমি এখানে?’

‘আমি তো মামা এখন এখানেই থাকি।’

‘তাই?’

‘হ্যাঁ।’

যাইহোক, ভাগ্নের সঙ্গে বেনারস দেখতে বেরোলেন মামা। ভাগ্যিস ভাগ্নে ছিল , তাই একজন সঙ্গী জুটল, নইলে একাবোকা কী যে হতো কে জানে!
অনেকক্ষণ ধরে এ-মন্দির সে-মন্দির ঘুরে শেষে তাঁরা এলেন গঙ্গার ঘাটে।

‘তাহলে বাপু চানটা সেরেই নি, কি বল?’

‘সে আর বলতে, মামা। বেনারসে এসে গঙ্গায় স্নান করবেন না, তা কি হয়?’

মামা গঙ্গায় ডুব দিলেন। হর হর গঙ্গে!

কিন্তু স্নান সেরে ঘাটে উঠে মামার চোখ এক্কেবারে ছানাবড়া! ঘাট থেকে সঙ্গের জিনিসপত্র হাওয়া, পরার কাপড়চোপড় হাওয়া; এমনকি ভাগ্নে মুন্না, সেও হাওয়া!

‘ও মশাই, দেখেছেন আমাদের মুন্নাকে?’

‘কোন মুন্না?’

‘ওই যে…আমি যার মামা!’

কোমরে গামছা জড়িয়ে এখানে-ওখানে এর কাছে তার কাছে বিস্তর ছোটাছুটি করে মামার হাঁফ ধরে গেল, তবু ভাগ্নে মুন্নার টিকিটিও দেখতে পেলেন না।

বন্ধুগণ, ভারতের নাগরিক হিসেবে, ভোটার হিসেবে আমাদের অবস্থা ঠিক এমনটাই! ভোটের মরসুম এলেই কেউ না কেউ এসে আমাদের পায়ে পড়ে। আমাকে চিনতে পারলেন না, আমি প্রার্থী? হবু এম পি। আরে, চিনতে পারলেন না?

আপনি গণতন্ত্রের গঙ্গায় ডুব দিচ্ছিলেন। ঘাটে উঠে দেখলেন, সেই লোকটি, যে কাল আপনার পায়ে মাথা ঠুকছিল, সে আপনাকে ‘মামা’ বানিয়ে আপনার ভোটটি নিয়ে হাওয়া হয়ে গেছে! বলতে কি, ভোটের বাক্সটা নিয়েই হাওয়া হয়ে গেছে!

সমস্যার ঘাটে আমরা কোমরে গামছা জড়িয়ে দাঁড়িয়ে আছি। সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করছি—ও মশাই, তাকে কোথাও দেখেছেন? সেই লোকটা, আমরা যার ভোটার? সেই লোকটা, আমরা যার ‘মামা’?

এমনি করেই কোমরে গামছা জড়িয়ে ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের পাঁচটা বছর কেটে যায়!

—-

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *