চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা আবহের মধ্যে আজ ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারে মোট পরীক্ষা দিয়েছেন ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন ছাত্রছাত্রী। সফল হয়েছেন ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। মোট পাশের হার ৮৬.৩৪%। ছাত্রের পাশের হার ৮৯.৮৭% এবং ছাত্রীর পাশের হার ৮৩.৪৮%।
সর্বোচ্চ ৬৯৪ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন পূর্ব বর্ধমানের অরিত্র পাল। ৬৯৩ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভীক দাস। ৬৯০ পেয়ে তৃতীয় স্থান অধিকারী তিন জন। পূর্ব মেদিনীপুরের ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র, বাঁকুড়ার সৌম্য পাঠক ও উত্তর ২৪ পরগণার অরিত্র মাইতি।
প্রথম ১০ স্থানাধিকারীর মধ্যে রয়েছেন ৮৪ জন। প্রথম দশের মধ্যে নেই কলকাতার কোনও স্কুল। পাশের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৫.৫৯%। পাশের হারে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। কলকাতায় পাশের হার ৯১.০৭%। করোনা পরিস্থিতির কারণে এখনই উত্তীর্নদের মার্কশিট তুলে দেওয়া হবে না। এক সপ্তাহ পর ২২ জুলাই ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া হবে স্কুল গুলিকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news