চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়ে গেল। এবার পালা মসজিদ নির্মাণের। সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো অযোধ্যার অন্যত্র মসজিদ নির্মাণের জন্য মুসলিমদেরকে জায়গা দেওয়া হয়েছে। সুন্নি ওয়াকফ বোর্ড সেই জায়গায় মসজিদ নির্মাণ করার কথা জানিয়েছে। তার জন্য প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে বোর্ডের সদস্যদের মধ্যে। রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে ট্রাস্টের আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার প্রশ্ন উঠছে, মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানেও কি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে? সেই অনুষ্ঠানে দিনক্ষণ এখনও পর্যন্ত প্রশ্ন হয়নি। তবে তার আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন তিনি যাবেন না।
আজকের ভূমি পুজো অনুষ্ঠানে সকল ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীদিনে এই মন্দির ভারতের ঐক্য স্থাপন করবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। যোগীর এই কথা প্রসঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি মসজিদ নির্মাণের সময় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একই বার্তা দেবেন। এ প্রসঙ্গে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে যোগী জানান, “আমার যা করণীয় আমি তা করব। আমি সর্বদা কর্তব্য ও ধর্ম মেনে নিজের কাজ করি। আমি জানি আমাকে কেউ আমন্ত্রণ জানাবে না। এই কারণে আমি যাবও না।” ভূমি পুজো উপলক্ষে মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী বঢরা টুইট করে বলেছিলেন, ‘রাম সবার’। আজ সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে যোগী বলেন, “আমরা তো প্রথম থেকেই বলে আসছি রাম সবার। এই শুভ বুদ্ধি প্রথম থেকে আসা উচিত ছিল।”
প্রসঙ্গত, তথাকথিত বাবরি মসজিদ ধ্বংস মামলায় গত বছর নভেম্বর মাসে সুপ্রিমকোর্ট জানিয়েছিল, অযোধ্যা জেলার মধ্যে সুন্নি ওয়াকফ বোর্ড ৫ একর জমি মসজিদ বানানোর জন্য দিতে হবে। সেই মত ফেব্রুয়ারি মাসে অযোধ্যা জেলার সদর শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ওয়াকফ বোর্ডকে জমি দেয় উত্তরপ্রদেশ সরকার। প্রথমে সেই জমিতে মসজিদ বানানো নিয়ে টালবাহানা শুরু হয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। কিন্তু অবশেষে কয়েক মাস আগে বোর্ড জানায়, তারাও ওই জমিতে মসজিদ তৈরি করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news