নিজস্ব সংবাদদাতা, কালিম্পঙ:
অতীতের সময় ভুলে পাহাড়ের ১৫টি বোর্ডকেই উন্নয়নে জোর দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সরকারি অর্থ খরচের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনার কথা বলেন তিনি। মঙ্গলবার কালিম্পং গ্রাহামস স্কুলের মাঠে ১৫টি বোর্ডের সম্মিলিত সভায় মুখ্যমন্ত্রী বলেন, “দার্জিলিং ও কালিম্পং ভাল থাকলে আমরাও ভালো থাকব। জিটিএ এবং বোর্ডগুলিকে নিজের পায়ে স্বাবলম্বী হতে উৎসাহ দেন মুখ্যমন্ত্রী । তিনি এও বলেন যে জিটিএ এবং বোর্ডগুলি যে যত ভাল কাজ করবে তাকে রাজ্য সরকার ততই সহযোগিতা করবে । পর্যটনের প্রসারে নতুন হোটেল, মার্কেট কমপ্লেক্স নির্মাণ, ব্যবসার ক্ষেত্রে স্থানীয় মহিলাদের এগিয়ে আসতে আজ আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “অশান্তি হলে কাজ এগোয় না। উন্নয়নের নানা কাজ চলছে। এলাকার বাসিন্দাদের জন্য ঘর, শৌচালয়, নাইট স্কুল গঠন হচ্ছে। পাহাড়ের বাসিন্দাদের দাবি মেনে মংপুতে নতুন বিশ্ববিদ্যালয়ের জমি চিহ্নিত করার কাজ সম্পন্ন হয়েছে। বাংলা ও বাংলার মানুষ পাহাড় ভালবাসে। তারা পাহাড়ে আসতে চায়। তারা এলেই পাহাড়ে লক্ষ্মী আসবে। এটা মাথায় রাখবেন।“ এদিন মঞ্চ থেকেই বোর্ডগুলিকে ৯৬ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে, এই অর্থ খরচের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে বোর্ডগুলি এবং জিটিএ কর্তাদের প্রকাশ্যেই বার্তা দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news