Breaking News
Home / TRENDING / অজানা এক গাঁয়ের পৌষ-পার্বণ

অজানা এক গাঁয়ের পৌষ-পার্বণ

পার্থসারথি পাণ্ডা :

এখানে মিরাকল একটা দিনই হয়, সে দিনটা পৌষ-সংক্রান্তির দিন।
কুয়াশামাখা জবুথবু শীতের সকালে সূর্যদেব যখন আড়মোড়া ভেঙে ‘এই উঠছি’, ‘সেই উঠছি’ করে তিরিশবার ভাবতে বসেন, তখন এ-দিন কাকভোরেই গরম বিছানার বায়না ভুলে চিড়িক মেরে উঠে পড়েন দক্ষিণ-রাঢ়ের অজানা এক গাঁয়ের ছেলে-বুড়ো সক্কলে। না-উঠে উপায় কি, নাকের কাছে নলেন গুড় আর পিঠেপুলির জিভে-জল-আনা খোশবাই কান্নিক মারছে যে!
তবে উঠলেও উপায় নেই। কম-সে-কম তিন ডুব না-দিলে সে-পিঠে নাকি খাওয়াই যাবে না! অগত্যা ‘যত ডুব, তত পিঠে’ ঘুষতে ঘুষতে পুকুরের বরফহিম জলে নাক-দাঁত চেপে কুব কুব তিন ডুব। সে যেন এক সন্ধিক্ষণ! তবে ডুবের পর আগুনে গা-সেঁকার ব্যবস্থাও থাকে। খানকতক খেজুর পাতা গোল করে পুঁতে তার মাঝখানে বিচুলি ভরে বানানো ‘কুমা’, এ-সময় জ্বালিয়ে দেওয়া হয়।
পুব-আকাশ ফরসা হতেই খোল, করতাল নিয়ে হরিভক্তের দল বেরিয়ে পড়েন প্রভাতফেরীতে। ষোল নাম বত্রিশ অক্ষরে সুর তুলে গাঁয়ের বাড়ি বাড়ি ঘোরেন তাঁরা। তাঁদের আপ্যায়ন করা হয় ‘মকর চাল’ খাইয়ে। এ অনেক পুরনো ঐতিহ্য। দুধের সঙ্গে চালের গুঁড়ো, চিনি বা গুড় জ্বাল দিয়ে ক্ষীর বানানো হয়। তারপর তাতে ভেজানো আতপ চাল, কুচনো নানান ফল মিশিয়ে তৈরি হয় ‘মকর চাল’।
সেকালে স্নান সেরে একে-অপরকে এই ‘মকর চাল’ খাইয়ে বন্ধুত্ব পাতানো হত। সেই বন্ধুরা একে-অপরকে ‘মকর’ বলে ডাকতেন। আজ আর সে দিন নেই। তা না থাক। হেঁশেলে ‘সেদিন’-এর সেই আস্কে পিঠে, আরসা পিঠে, গড়গড়ে পিঠে, কাখরা পিঠেরা এখনও আছে। আগে এসব পিঠের গায়ে ছিল এ-অঞ্চলের উৎকল সমাজের সিলমোহর, এখন এরা সার্বজনীন।
নাম-বৈচিত্র্যে আস্কে পিঠে কারও কাছে ‘চিতো পিঠে’, কারও কাছে বা ‘খোলা পিঠে’। মাটির স্পেশ্যাল খোলা ছাড়া এ পিঠে বানানো যায় না বলেই এর ‘খোলা পিঠে’ নাম।
আরসে পিঠের অন্য নাম ‘গুড় পিঠে’। চাল গুঁড়োর সঙ্গে গুড় মিশিয়ে এ-পিঠে তৈরি হয় বলেই এর এমন নাম। এটি একরকমের ভাজা পিঠে। কিন্তু গড়গড়ে পিঠে তৈরি হয় জলে সেদ্ধ করে। ভেতরে থাকে ক্ষীরের পুর। কাখরা পিঠে আবার পুরোপুরি ভাজা পিঠে। তার ভেতর থেকে টসটসে ক্ষীরের স্বাদ যেমন চুইয়ে পড়ে, তেমনি গা থেকে ঝরে পড়ে নলেন গুড়ের ম ম গন্ধ। এ-পিঠে খেয়ে সেকালের বুড়োদের জমিজিরেত লিখে দেওয়ার গপ্পোও এ-অঞ্চলে শোনা যায়।
অতীতের গল্পগাছা, পিঠেপুলির পরম্পরার মাঝে মোক্ষ কামনার পুণ্যস্নান আর নতুন চাল, নতুন গুড়ের পিঠে-পার্বণ মিলেমিশে দক্ষিণ-রাঢ়ের নাম-না-জানা এ-গাঁয়ে মকর সংক্রান্তি অন্য এক মাত্রা নিয়ে আসে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *