ওয়েব ডেস্ক:
শীত পুরনো আশা জাগাচ্ছে। সম্ভবত এবার সে কৃপণতা করবে না। এমনটা যেমন সাধারণ মানুষের মনে হচ্ছে, তেমনি আলিপুর আবহাওয়া দফতরেরও আশা তাই। উল্লেখ্য, গতকাল ছিল চলতি মরসুমের শীতলতম দিন। শনিবার ভোর-রাতে তাপমাত্রা নামে ১২-তে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস হবে বলে জানা গিয়েছে। তাও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।
এমনিতে গত বছরও মোটের উপর ঠাণ্ডা পড়েছিল। কিন্তু পারদ পতন তেমন হয়নি। সেখানেই এবারে দ্রুত নামছে পারদ। প্রায় প্রত্যেক দিনই শহর থেকে জেলা এক ডিগ্রি করে কমছে তাপমাত্রা। এমনকী হাওয়া অফিস সূত্রে খবর, কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি কম যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, বছরের শেষের দিকে ৯ ডিগ্রি অবধি নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

কিন্তু অনেক দিন পর এভাবে দ্রুত পারদ পতনের কারণ কী? আবহাওয়াবিদদের মত, আকাশ পরিষ্কার ফলে উত্তুরে হাওয়ার রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে না৷ তার জেরেই জাঁকিয়া ঠান্ডা পড়তে শুরু করেছে৷ এবার যে সাম্প্রতিক অতীতের তুলনায় শীতের প্রতিপত্তি, প্রভাব অনেকটাই বেশি, তা বোঝা দেওয়া যায় গত কয়েক বছরের পরিসংখ্যানের দিকে নজর দিলেই।
যেমন, গত বছর (২০১৭) ২৫ ডিসেম্বর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। যার চেয়ে ইতিমধ্যে নীচে নেমেছে এবারের পারদ। অন্যদিকে ২০১৬-এর ২৫ ডিসেম্বর শহরের তাপমাত্রা ছিল আরও বেশি, সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস৷ এদিকে দার্জিলিং-এ তাপমাত্রা নেমেছে ২ ডিগ্রি সেলসিয়াসে৷ শ্রীনিকেতন ৯.১ ডিগ্রি৷ পানাগড়ের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি৷ পাশাপাশি শনিবার কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে ১২.৩ ডিগ্রি, পুরুলিয়ায় ৮, ব্যরাকপুরে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১০.৮ ডিগ্রি, ক্যানিংয়ে ১১.০ ডিগ্রি, ডায়মন্ডহারবারের ১২, দিঘার তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে, হলদিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি।

ঠাণ্ডার পাশাপাশি ভোর ও রাতের দিকে দেখা দিচ্ছে কুয়াশা। সে একটা সমস্যা বটে। তবে বড়দিনের আগে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ায় রাজ্যবাসী মোটের উপর খুশি। কারণ এটাই তো ঘুরতে যাওয়ার মরসুম, পিকনিক-টাইম, সার্কাস দেখার সময়। যখন বাইরের আবহাওয়ার মতো ভেতরটাও হয়ে ওঠে শীতের আকাশের মতো ঝলমলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news