সূর্য সরকার।
আবারও চাঙ্গা হয়ে উঠতে চলেছে শীত। বৃষ্টির জন্য গত কয়েকদিন অনেকটাই ঝিমিয়ে পড়েছিল কনকনে বাতাস। রবিবার সকালে সূর্য দেখা দিলেও, সূর্যাস্তের পর ফের চাঙ্গা হবে শীতের দাপট। এদিন রাতেই বাঙালি টের পাবে ফের কনকনে ঠান্ডা। সোমবার থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে শীতে ধুন্ধুমার ব্যাটিং। এটাই আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) দেওয়া খবরের নির্যাস। শনিবার থেকেই বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি হয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিংয়ের (Darjiling) টাইগার হিলে মিলেছে তুষারপাত। সিকিমের উত্তরদিকে লাচেং এলাকায় বেশ ভালই তুষারপাত হয়েছে। রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। সেই সঙ্গে শুরু হবে পাহাড়ের ওই বরফ ছোঁয়া হাওয়ার নীচে নামার পালা। তার জেরেই সোমবার সকাল থেকে বাংলা জুড়ে মিলবে হাড় কাঁপানো ঠাণ্ডা।
তবে উত্তরের জেলাগুলিতে এই হাড়কাঁপানো ঠাণ্ডার পাশাপাশি থাকবে ঘন কুয়াশাও। দক্ষিণে মঙ্গলবার থেকেই কমবে কুয়াশার দাপট। রবিবার কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গ জুড়ে নামবে পারদ। যা এখন স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি রয়েছে সেটাই তখন স্বাভাবিক হয়ে যাবে। সোমবার থেকে তা নেমে যাবে স্বাভাবিকের থেকে নীচে। হতে পারে শৈত্যপ্রবাহও। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারা ফের নামতে শুরু করবে। জাঁকিয়ে পড়বে ঠান্ডা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news