নীল রায়। “সাইন বোর্ডে হাত ধরতে চাইছেন কেন?” বুধবার বিধানসভা কংগ্রেস ও বাম পরিষদীয় দলকে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার প্রস্তাবের পাল্টা এমনই প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, “কংগ্রেস জন্মলগ্ন থেকেই আর এস এস – বি জে পির মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি রুখছে। আপনি তো বলেন কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে। বুঝতে পারছি না, আবার এখন কেন সেই সাইনবোর্ডের হাত ধরতে চাইছেন ?” এদিন সন্ধ্যায় এক লিখিত বিবৃতিতে একথা বলেন সোমেন। তবে বিবৃতির কোথাও তৃণমূল নেত্রীর নাম উল্লেখ করেননি তিনি। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্যে ৪০ শতাংশ ভোট পেয়ে ১৮টি আসন দখল করেছে বিজেপি। তারপর থেকে ৬ জন তৃণমূল বিধায়ক সহ চারটি পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। তারই মাঝে এদিন বিধানসভায় বক্তৃতা করতে উঠে কংগ্রেস ও বামেদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তার সাথে সামিল হওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রবীণ রাজনীতিক সোমেন মিত্র মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন কংগ্রেস প্রসঙ্গে করা তাঁর পুরনো মন্তব্যগুলি। কারণ ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকেই কংগ্রেসকে বাংলায় সাইনবোর্ড করে দেওয়ার হুমকি দিতেন মমতা। এদিন যেন সেই কথারই জবাব দিলেন সোমেন মিত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news