চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারি নিয়ে কেন চুপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এমনটাই প্রশ্ন তুলে দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মমতাকে তাক করে তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী শাহরুখ খানের পরিবারের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে , আরিয়ান খানকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে তার প্রতিবাদে কিছু বলুন!!!” অধীর আরও বলেন, “কিং খানকে দিদি নিজের স্বার্থে তো ব্যবহার করেছেন, আজ কেন চুপ হয়ে গেলেন !!!”
উল্লেখ্য, ২ অক্টোবর নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস) আইনের আওতায় গ্রেফতার হন আরিয়ান। তাঁর গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে। এরপরেই শাহরুখ খান পন্থীরা অভিযোগ তুলতে শুরু করেছেন কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসাবশত শাহরুখের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে। এনসিপি নেতা নবাব মালিক কেন্দ্রীয় সরকার-সহ অভিযোগের আঙুল তুলেছেন এনসিবি-র বিরুদ্ধে। বলিউডের বিশিষ্ট সংগীত পরিচালক বিশাল দাদলানি আবার শাহরুখের পক্ষে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “আদানিদের পোর্টে ড্রাগস ধরা পড়ার ঘটনা ও লখিমপুরে কৃষক হত্যার ঘটনা থেকে নজর ঘোরাতেই শাহরুখের ছেলেকে গ্রেফতার করা হয়েছে।” এখনও এনসিবির হেফাজতে রয়েছেন আরিয়ান।
আর তারপরেই এ ব্যাপারে কড়া বিবৃতি দিয়ে পাল্টা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে চেষ্টা করলেন অধীর। কারণ, শাহরুখ এখনও পশ্চিমবঙ্গ সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সুবাদে করোনা সংক্রমণ শুরু হওয়ার আগে ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রীর অনুরোধে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে কলকাতায় এসেছেন শাহরুখ। এমন সম্পর্ক সত্ত্বেও কেন শাহরুখের হয়ে এখনো কোনও বিবৃতি দেননি মমতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহরমপুরের সংসদ সদস্য। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, জাতীয় রাজনীতিতে যেভাবে কংগ্রেসকে ধারাবাহিকভাবে আক্রমণ করে চলেছে তৃণমূল। তার জবাব দিতেই কৌশলগত কারণেই এমন মন্তব্য করেছেন কংগ্রেসের লোকসভা দলনেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news