চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গোয়া দখলে তৃণমূলের আস্তিন থেকে বেরোলো নতুন তাস। বাংলার লক্ষ্মীর ভান্ডারের পরে গোয়া বিধানসভা নির্বাচনে এ বার গৃহলক্ষ্মী কার্ড দেওয়ার ঘোষণা করল তৃণমূল। গোয়া তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী বছর বিধানসভা ভোটে জিতে সে রাজ্য ক্ষমতায় এলে প্রতি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাকে মাসে ৫,০০০ দেওয়া হবে। আর তৃণমূলের এমন ঘোষণার পরেই প্রশ্ন উঠছে ঘোষণায় এমন আর্থিক বৈষম্য নিয়ে। বাংলার মতো রাজ্য যেখানে তৃণমূলের গড়, সেখানে মাত্র ৫০০ টাকা পাবেন মা-বোনেরা। আর ভিন রাজ্যে সেই প্রকল্পে তৃণমূল ৫০০০ টাকা পর্যন্ত দেওয়ার কথা ঘোষণা করল কীভাবে?
প্রসঙ্গত, বাংলার চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে ৫০০ টাকা দেওয়া হয়। শনিবার গোয়া তৃণমূলের তরফে টুইটারে লেখা হয়েছে, ‘প্রতিটি পবিবারের মাসিক আয় নিশ্চিত করতে গোয়া তৃণমূল গৃহলক্ষ্মী কার্ড চালু করেছে। এই মাসিক আয় সহায়তা প্রকল্পে প্রতিটি পরিবারের এক জন মহিলাকে মাসে সরাসরি ৫,০০০ টাকা (বছরে ৬০ হাজার) দেওয়া হবে।’ আর সেখানেই প্রশ্ন উঠছে তৃণমূলের বাংলা নীতি নিয়ে। এমন ঘোষণা যে দলের পক্ষে বাংলায় অস্বস্তির বিষয় হবে তা মেনে নিচ্ছেন দলের এক শীর্ষ নেতা। তাঁর কথায়, “আমরা জানি এ বিষয়ে বাংলার সংবাদমাধ্যম প্রশ্ন তুলে ধরবে। কিন্তু, মনে রাখতে হবে গোয়া আর পশ্চিমবঙ্গ এক নয়। পশ্চিমবঙ্গের তুলনায় গোয়া অনেক অনেক ছোট। জনসংখ্যা কম। আর্থিক পরিস্থিতিও পৃথক। তবে দলের কাছে যখন প্রশ্ন আসবে, তখন উপযুক্ত জবাব দেওয়া হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news