ওয়েব ডেস্ক:
লেপ-কম্বল রেডি তো? মানে ওই রোদ্দুরে দেওয়াটেওয়া। পারদ কিন্তু নিম্নমুখি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নামল ২ ডিগ্রি।
এমনিতেও অগ্রহায়ণে পা দিয়ে দিয়েছে ক্যালেন্ডার। এ হল জীবনানন্দের ঋতু হেমন্ত। গুটি গুটি পায়ে শীতের দিকে এগোচ্ছে আবহাওয়াও। যার ইঙ্গিত দিল এই পারদ পতন। সঙ্গে ত্বকে শুষ্কতার ছোঁয়া, কারণ বাতাসে হিমের পরশ। কাশ্মীর, হিমাচলের বরফ পড়ার ছবি টিভিতে-কাগজে। এই মুহুর্তে কোনও নিম্নচাপের ভ্রুকুটিও নেই। ফলে শীত সমাগত। খাতায় কলমে শীত না পড়লেও শীতল পরশ যে ধীরে ধীরে বাড়বে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।

মিলে গেল পূর্বাভাস। ২ ঘর কমে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। ফলে মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে মিলেছে ঠান্ডার অনুভূতি। ভোরে তো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এবং মৃদু কুয়াশা সরিয়ে সকালের মিঠে রোদ।
তবে জেলাগুলিতে পারদ নেমেছে আরও বেশি। পশ্চিমের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির আশেপাশে। ফলে শীতের পরশ লেগেছে অনেক বেশি। এবং খোঁজ পড়েছে শাল-সোয়েটার, লেপ-কম্বলের। প্রাক শীতে সেটাই তো প্রশ্ন, লেপ-কম্বল রেডি তো?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news