নীল রায়। নবান্ন রহস্যই বটে! মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেছে। কিন্তু তা নিয়ে কোনো প্রমাণ দিতে পারছে না সরকার পক্ষ! কোনও মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তারদের কোনও প্রতিনিধিদল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেননি। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা যাচ্ছে। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন চলাকালীন আচমকা জানান ১০ জনের এক প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন জুনিয়র চিকিৎসকদের পক্ষে। মিনিট খানেক তাদের সঙ্গে কথা বলে এসে আবারও সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেন মমতা। এই ঘটনা জানাজানি হতেই সংবাদমাধ্যম থেকে আন্দোলনরত ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকরা খোঁজ শুরু করেন ওই প্রতিনিধিদের। কলকাতা প্রত্যেকটি মেডিকেল কলেজের আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে এন আর এস এর পড়ুয়ারা জানতে পারেন কোনও প্রতিনিধি নবান্ন যায়নি তাদের পক্ষ থেকে। আর নবান্নে থাকা সাংবাদিককূলও মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ঢুকতে বা বের হতে দেখেননি ভাবী চিকিৎসকদের কোনও প্রতিনিধিদলকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর এহেন দাবি নিয়ে। কে বা কারা ? তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন? তাদের নাম ঠিকানা বা কোন মেডিকেল কলেজের পড়ুয়া তারা? তাও জানাতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে জুনিয়র ডাক্তারদের পক্ষের অভিজিৎ প্রামানিক বলেন, “শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই । এ লড়াই ডাক্তার সম্মানের লড়াই। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা অস্বীকার করছি। নীলরতন মেডিকেল কলেজ থেকে কোনও প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর কাছে যায়নি। আমরা যা দাবি রেখেছি সেই দাবি নিয়ে এখনও পর্যন্ত আলোচনা করেননি মুখ্যমন্ত্রী।” ওই জুনিয়র চিকিৎসক আরও বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা নাকি কথা বলতে চাই না। এই বক্তব্য ভুল। গুরুত্বপূর্ণ এই সমস্যা সমাজের জন্য আপনি আলোচনায় বসুন।” সুষ্ঠুভাবে পরিষেবা তথা সমাধান চাইলেও মুখ্যমন্ত্রী মূল প্রসঙ্গ থেকে বাদ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার সৃষ্টি করতে চাইছেন বলেই জানিয়েছেন আন্দোলনরত ইন্টার্নরা। তাদের আরও বক্তব্য, “মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ নেওয়ার আগে দুঃখের সঙ্গে জানাচ্ছি। আমরা এই আন্দোলন চালিয়ে যাব।” প্রসঙ্গত, এদিন নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আহত হবু চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শেষমেষ সেই পরিকল্পনা বাতিল করেন তিনি। এই ঘটনায়ও তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে জুনিয়র ডাক্তারদের মধ্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news