শ্রেয়সী কুণ্ডু:
ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে তুলে ধরতে এগিয়ে এল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এই প্রথম উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তাদের কাটিহার ডিভিশনে অত্যাধুনিক ভিস্তাডোম কোচ ব্যবহার করতে যাচ্ছে। আধুনিক এমন কোচ প্রথম পর্যায়ে ডুয়ার্স রুটে চলা ইন্টারসিটি এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত কোচ হিসেবে সংযুক্ত করার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এতে সাড়া মিললে পরবর্তীতে এমন কোচ অন্য ট্রেনের সঙ্গে জোড়ার চিন্তাভাবনা করছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক এই ভিস্তাডোম কোচগুলির ছাদ ও দেয়াল বিশেষ ধরনের ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়ে থাকে। ফলে রেলযাত্রীরা আসনে বসেই উন্মুক্ত আকাশ দেখতে পারেন। পাশাপাশি মেট্রো রেলের বগির মতো স্লাইডিং দরজা এবং বড় জানালা এতে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য ওই বড় জানালা দিয়ে সহজেই পর্যটকরা দেখতে পারবেন। এছাড়াও কোচের মধ্যে বিনোদনের জন্য এলইডি টেলিভিশন, চোখ ধাঁধানো বাতি রাখা হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মুম্বই-গোয়া, বিশাখাপত্তনম-আরাকু ভ্যালি এবং কলকা-সিমলা রুটে এই ধরনের কোচ ব্যবহার করে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে যাতে দেশি-বিদেশি পর্যটকরা কড়ায়-গণ্ডায় উপভোগ করতে পারেন তার জন্যই এমন চিন্তাভাবনা শুরু করেছে রেল।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন, বর্তমানে অসমের বদরপুর পার্বত্য শাখা এবং কুমারঘাট-আগরতলা পার্বত্য শাখার কয়েকটি ট্রেনে অত্যাধুনিক এই ভিস্তাডোম কোচ লাগানো হয়েছে। এতে খুব ভালো সাড়া মিলছে। রেলের আয়ও বেড়েছে। সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল মালিগাঁতে গিয়েছিলেন। সেই সময় তিনি ডুয়ার্সের চলাচলকারী ট্রেনে অতিরিক্ত কোচ হিসেবে ভিস্তাডোম কোচ ব্যবহারের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলকে নির্দেশ দিয়ে যান। তারপরই এমন উদ্যোগ শুরু হয়েছে।
এদিকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে ইতিমধ্যেই উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দার্জিলিং হিমালয়ান রেল সান্ধ্যকালীন টয়ট্রেন পরিশেবা শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত চালু করেছে। একে একে পর্যটকদের কথা চিন্তা করে অত্যাধুনিকভাবে সাজানো হচ্ছে রেলের কোচকে। রেল সূত্রে জানা গিয়েছে, সাধারণ কোচের সঙ্গেই প্রথম পর্যায়ে একটি করে ভিস্তাডোম কোচ সংযোজন করা হবে। যদিও ওই কোচের টিকিটের ভাড়া সাধারণ টিকিটের কয়েক গুণ বেশি হবে। কিন্তু অত্যাধুনিক কোচে বসার জন্য অনেকেই আগ্রহ থাকবেন বলে দাবি রেলের।
এই অঞ্চলের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাঁরা জানিয়েছেন, এখানে সারা বছরই দেশি-বিদেশি পর্যটকরা আসেন। এখানে আধুনিক ভিস্তাডোম কোচ ব্যবহার করা গেলে রেলের একদিকে যেমন আয় বাড়বে তেমনি এখানে পর্যটনের প্রসারও ঘটবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news