চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
২১ জুলাইয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে গিরিশ পার্কে। আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কালীঘাট থেকে জানিয়ে দিয়েছিলেন এবারের সভা হবে ভার্চুয়াল। বুথে বুথে বসবে জায়েন্ট স্ক্রিন। একুশে জুলাই উপলক্ষ্যে আজ শহরে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে জায়েন্ট স্ক্রিন । চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি ।তৈরি হয়ে গেছে মঞ্চ। তবে এবার কোথাও যেন একটু হলেও আক্ষেপ রয়েছে তৃণমূল (TMC) সমর্থকদের মনে । কিছুটা হলেও ফিকে লাগছে তাদের । তবে এবারে ভার্চুয়াল সভায় কি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই। কারণ করোনা আবহে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মধ্যেই এই ভার্চুয়াল জনসভা করতে হচ্ছে। তাছাড়া, বিধানসভা নির্বাচনের আগে শেষ জনসভায় বিজেপির বিরুদ্ধে কী বলেন, সেদিকেই নজর থাকবে তৃণমূল নেতাকর্মীদের। গিরিশ পার্কে ভার্চুয়াল সভা আয়োজন করেছেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী। ভার্চুয়াল সভা প্রসঙ্গে তিনি বলেছেন, “প্রতিবছর দূর দূরান্ত থেকে আগত কর্মী-সমর্থকদের অভ্যর্থনা করার পাশাপাশি থাকা-খাওয়ার বন্দোবস্ত করতে হতো আমাদের। কিন্তু এবার তেমনটা হচ্ছে না। যদিও এবারের সভা ভার্চুয়াল। তৃণমূল কর্মীদের কাছে একুশে জুলাইয়ের গুরুত্ব একেবারে কমেনি। দলনেত্রী আমাদের কি নির্দেশ দেন সে দিকেই আমাদের নজর থাকবে।”
অন্যদিকে, গতবছর পর্যন্ত ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চের খুঁটিপুজোর দিন থেকেই শুরু হয়ে যেত প্রহর গোনা। সমাবেশের দিন তিনেক আগে থেকেই কলকাতার ধর্মশালা, অতিথি আবাসগুলো ভরে যেত তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়ে। প্রায় এক মাস আগে থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট-আউটে ‘ধর্মতলা চলো’র ডাক জানান দিত তৃণমূল। আজ, মঙ্গলবার বেলা দুটোয় ভার্চুয়াল মঞ্চে তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনার সুযোগ থাকছে সবারই। কিন্তু তাঁর সুরে সুর মিলিয়ে সমস্বরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সুযোগটা থাকছে না অনুগামীদের। যাঁরা অন্য বার রোদ-বৃষ্টি উপেক্ষা করে সকাল সাতটা থেকে জাগয়া দখল করেন নেত্রীর মঞ্চের সামনে। আর তিনি মঞ্চে এসে ‘আমরা কারা’ স্লোগান তুললেই গর্জে উঠতেন। তাঁদের নিয়েই জীবনে বহু অসাধ্যসাধনের সংকল্প গ্রহণ এবং সফল করেছেন মমতা। আজ ভার্চুয়াল মঞ্চ থেকেই সেই কর্মীদের একুশের মন্ত্র দেবেন দলনেত্রী। বিধানসভা ভোটের আগের বছর হওয়ায় ধর্মতলার সমাবেশ নিয়ে বিপুল প্রত্যাশা ছিল অনুগামীদের। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই।
নেই বড়সড় রান্নার আয়োজনের পরিচিত ছবি। হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশনের বাইরে কর্মীদের স্বাগত জানাতে তৈরি হয়নি ক্যাম্প-অফিস। কলকাতার রাজপথে ডালা পেতে বসে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালার দল। যাঁরা প্রত্যেক বছর একুশের আগে থেকেই তৃণমূলনেত্রীর ফটোফ্রেম থেকে শুরু করে ঘাসফুল চিহ্নের চাবির রিং, টি শার্টের পসরা নিয়ে বসে পড়েন বিক্রির আশায়। কিছুই নেই । সমাবেশে তৃণমূলনেত্রীর বক্তৃতার আগে সুমন-নচিকেতার গান যেমন বিশেষ আবহ তৈরি করেছে বহু বার, ঠিক তেমনই প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘আমি বাংলার গান গাই’ও একুশের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল। এ বার সমাবেশ হচ্ছে না। শিল্পী-সমাবেশও দেখা যাবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news