চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
জেলের মধ্যে বন্দি অবস্থায় আত্মহত্যার চেষ্টা করলেন নলিনী শ্রীহরণ। সোমবার রাতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে তাঁর আইনজীবী দাবি করেন। নলিনী শ্রীহরণ, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যা মামলায় অভিযুক্ত হয়ে ২৯ বছর ধরে জেলে রয়েছেন।
সোমবার নলিনীর আইনজীবী পুগলনথি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, ২৯ বছর ধরে জেল খাটছেন নলিনী শ্রীহরণ। কিন্তু এই প্রথম তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। বিস্তারিতভাবে পুগলনথি বলেন, নলিনীর সঙ্গে অন্য এক বন্দির জেলের মধ্যে ঝগড়া হয়। ওই বন্দি নলিনীকে দায়ী করে জেলারের চোখে বিষয়টি নিয়ে আসেন। তারপরই নলিনী আত্মহত্যার চেষ্টা করেন।
পুগলনথি আরও বলেন, নালিনীর স্বামী মুরুগণ আইনজীবীর অনুরোধ করেছেন, নলিনীকে ভেলোর জেল থেকে পূজহল জেলে স্থানান্তরিত করা হোক। এই বিষয়ে আইনি পদক্ষেপও শুরু হয়েছে। উল্লেখ্য, নালিনীর স্বামী মুরুগণও রাজীব গাঁধী হত্যা মামলায় জেল খাটছেন।
প্রসঙ্গত, ১৯৯১ সালে নির্বাচনী প্রচার চলাকালীন রাজীব গাঁধীকে এলটিটিই বোমা ফাটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নলিনী, তাঁর স্বামী সহ আরও ৭ জনকে অভিযুক্ত করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news