চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
টানা দু’দিন নিখোঁজ থাকার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC) বিহারগামী নিখোঁজ দুটি বাস ফিরে এলো। গত ৯ মে বর্ধমান ডিপোর দুটি বাস দুর্গাপুর ও আসানসোল থেকে ৫৪ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বিহারের জামুইয়ের উদ্দেশ্যে পাড়ি দেয়। ১০ মে জামুই পৌঁছন তাঁরা। কিন্তু যাত্রীরা অধিকাংশ উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা হওয়ায় সেখানেও যেতে বাধ্য করে স্থানীয় পুলিশ বলে অভিযোগ। এদিকে বাস সহ চালকদের হদিস না মেলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ বিষয়টি জানান, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে।
জানা গিয়েছে, পুলিশেরই উস্কানিতে বিহারে যাত্রীরা বাসের এক চালক মোল্লা ওয়াহিদ হককে মারধর করে তাঁর মোবাইল- সহ ব্যাগ কেড়ে নেয়। আরেক চালক গোপালচন্দ্র মাঝির মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। তাই জামুই পৌঁছনোর পর আর তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।উপায় না দেখে এরপর ওই দুই বাস চালক এটিএম থেকে নিজেদের টাকা তুলে ২৫০ লিটার ডিজেল ভরে বারাণসীর উদ্দেশে রওনা হয়। ১১ মে বিকালে সেখানে পৌঁছায়। তখনও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। কারণ, একজনের মোবাইল বন্ধ, আরেকজনের মোবাইল ছিনতাই হয়ে গিয়েছে। আপাতত, নিখোঁজ দুই চালক বাস সহ ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকারের এই উদ্যোগ ধাক্কা খাওয়ার পর, সেই প্রক্রিয়া ব্যহত হতে পারে বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news