চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের (Ladakh) গালওয়ান ঘাঁটিতে দেশের হয়ে প্রাণ হারিয়েছেন দু’জন বঙ্গ সন্তান। বুধবার সকালে জানা যায়, বীরভূমের মহম্মদ বাজার থানার ভুতুড়া গ্রামের বাসিন্দা রাজেশ ওরাংয়ের মৃত্যু হয়েছে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায়। সঙ্গে চিনা পিপলস লিবারেশন আর্মির (China Peoples Liberation Army) জওয়ানদের সঙ্গে হাতাহাতি ও লাঠিলাঠির ঘটনায় প্রাণ হারিয়েছেন আলিপুরদুয়ার শামুকতলা থানার অন্তর্গত বিন্দি পাড়ার বিপুল রায়। আচমকা এমন মৃত্যুর সংবাদে মহাম্মদ বাজার ও আলিপুরদুয়ারে শোকের ছায়া নেমে এসেছে। তবে দুই যুবক বীরত্বের সঙ্গে চিনা সেনাবাহিনীর মোকাবিলা করা গর্বিত তাদের পরিবার থেকে শুরু করে এলাকাবাসীরা।
গতকাল রাতে বাড়িতে দুঃসংবাদ এসে পৌঁছয় নিহত জওয়ানদের বাড়িতে।বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকে লাদাখেই কর্মরত ছিলেন তিনি। এ দিন সংঘর্ষে শহীদ হন। ছেলেকে হারিয়ে রাজেশের পরিবারের দাবি, “চিনকে যোগ্য জবাব দিক ভারত।” জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রাজেশ ওরাং-য়ের মৃত্যুর খবর সেনার তরফে ফোন করে জানানো হয় । ২০১৫ সালে ভারতীয় সৈন্য বিভাগে কাজে যোগদান করেছিল রাজেশ।
অন্যদিকে, আলিপুরদুয়ারে শহিদ বিপুল রায়ের বাড়িতে বাবা, মা ,ভাই, স্ত্রী এবং ছোট মেয়ে রয়েছে। জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসেই বাড়িতে এসেছিলেন বিপুল রায়। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের ফিরে যান তিনি। গত কয়েক দিন ধরেই সীমান্তের অস্থির পরিস্থিতি চিন্তা বাড়িয়েছিল বিপুলের পরিবারের।
তার পরেই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে পরিবার, নিশ্চিত হয় মৃত্যুর ঘটনা। কান্নায় ভেঙে পড়েন সকলে। স্থানীয় জেলা-প্রশাসনের কর্তারা, পুলিশকর্মীরা পৌঁছেছেন বিপুল রায়ের বাড়িতে। শহিদের মৃতদেহ কবে বাড়িতে নিয়ে আসা হবে সেই বিষয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news