চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
পাঁচ বছরে চারবার দলবদল করলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য। শুক্রবার তৃণমূল কংগ্রেসের (TMC) বাঁকুড়া জেলার চেয়ারম্যান শুভাশিষ বটব্যাল এবং জেলা সভাপতি শ্যামল সাঁতরার উপস্থিতিতে বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, তুষার কান্তি ভট্টাচার্য্য ২০১৬ সালে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালের ২১ জুলাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পরে তুষার কান্তি ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমার কোনও রাগ ছিল না। কিছু অভিমান ছিল, যা সমাধান হয়ে গিয়েছে। দলে ফিরে এসে আমি খুশি।”
প্রসঙ্গত, বাংলা রাজনীতিতে এমন নজির এখনও পর্যন্ত কোনও রাজনীতি গড়তে পারেননি। মাত্র পাঁচ বছরের ব্যবধানে যেভাবে তিনি একের পর এক রাজনৈতিক দলবদল করেছেন তা এককথায় নজিরবিহীন বটে। কারণ, ২০১৬ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটের দাঁড়ানোর আগের দিন পর্যন্ত তিনি ছিলেন তৃণমূলে। ২০১১ সালে বিষ্ণুপুর থেকে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন শ্যামাপদ মুখোপাধ্যায়। ২০১৬ সালে ওই কেন্দ্রে আবারো তাকেই প্রার্থী করে তৃণমূল। ফলে বিদ্রোহী হয়ে যোগদান কংগ্রেসে। পরাজিত করেন তৃণমূল বিধায়ক শ্যামাপদ মুখোপাধ্যায়। ১৯ মে জয়লাভের দু’মাসের মধ্যেই ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে তিনি ফিরে আসেন তৃণমূলে। এর ঠিক দু বছর পর লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসনে জয়ী হলে, যোগদান করেন গেরুয়া শিবিরে। কিন্তু, এদিন এই অশীতিপর নেতা আবারও বাংলার শাসক দলে যোগদান করে নতুন নজির গড়লেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news