ঈষাণিকা ভোরাই:
উন্নাও ও কাটুয়ার ঘটনা নিয়ে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। শনিবার কলকাতায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করেন তাঁরা। ‘মা বোনেদের অসম্মানের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোন’- এই স্লোগানকে সামনে রেখে মিছিল হলো রাজ্যের দুই মহিলা মন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা নেতৃত্বে। মিছিল থেকে ‘বিজেপি হঠাও’-এর আওয়াজও উঠল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে এ রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে মহিলা নির্যাতন হয়েছে, সেই প্রশ্নে অবশ্য এড়িয়ে যাওয়াটাই শ্রেয় মনে করলেন এই দুই মন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যের ঘটনা বলেই কি রাজনৈতিক স্বার্থের জন্য মহিলা কংগ্রেসের এভাবে পথে নামা! তার মানে কি বিজেপি শাসিত রাজ্যের মহিলা ধর্ষিত বা নির্যাতিত হলে তারা মায়ের জাত আর এরাজ্যে এমন ঘটনা ঘটলে তখন চুপ ?
কয়েকবছর আগের ঘটনা, পার্ক স্ট্রিটের সেই মহিলা নির্যাতনের খবর আমরা সবাই জানি। সেই ঘটনায় তৎকালীন রাজ্য সরকারের এক মন্ত্রী ও শাসক দলের এক মহিলা সাংসদ বলেছিলেন, এটা খদ্দের ও ক্রেতার মধ্যকার ঝামেলা। আবার কামদুনির ঘটনায় স্বয়ং এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিক্ষোভকারী মহিলাদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘ওরা সিপিএম করে।’ উন্নাও বা কাটুয়ায় যে ঘটনা ঘটেছে তাকে ধিক্কার জানানোর ভাষা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জানিয়েছেন, এই ‘ঘটনায় দোষী কড়া শাস্তি পাবে। সভ্য সমাজে এই ঘটনা কোন মতেই মেনে নেওয়া যায় না।’ কিন্তু আরামবাগ বা বারুইপুরের এর মতো ঘটনায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও স্পিকটি নট।
এরাজ্যে গত কয়েক দিন ধরে শুধুমাত্র বিরোধী দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার অপরাধে, শাসক দলের হাতে, প্রকাশ্য দিবালোকে চুলের মুঠি ধরে হেনস্থা করা হলো প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারকের স্ত্রী ও তার একজন সহযোগীকে। মাটিতে ফেলে মারা হলো বিজেপি প্রার্থীর মেয়েকে। এগুলো অবশ্য নজর এড়িয়ে গেছে রাজ্য মন্ত্রিসভার এই দুই মন্ত্রীর। শনিবার আরামবাগ বা বারুইপুরের মহিলা নির্যাতন নিয়ে প্রশ্ন করলে কার্যত কোনো উত্তর না দিয়েই চলে যান তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী ও রাজ্য মন্ত্রিসভার সদস্য শশী পাঁজা। আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য এইসব ঘটনায় দলের শীর্ষ নেতৃত্ব উত্তর দেবে বলে কাজ সেরেছেন। যদিও চন্দ্রিমা দেবী নিজেই এ দিন বলেন, ‘মায়ের কোন রং হয় না; মায়ের কোন জাত হয় না।’ উন্নাও বা কাটুয়ার মতো ঘৃণ্য ঘটনায় রাস্তায় নামাটা যতটা সমর্থনযোগ্য, ঠিক তখনই এ রাজ্যের এমন ঘটনায় চুপ থাকাটা কতটা যুক্তিযুক্ত, উঠছে সে প্রশ্নও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news