চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমফান ঘূর্ণিঝড়ে বিধস্ত এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে পরিদর্শন শেষে তাঁর বিরুদ্ধে বিরোধী জোটের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে ৩টেয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকের ডাক দিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ দিচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার। উল্টে রাজ্যের অধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা করছেন তাঁরা। বিরোধী দল পরিচালিত রাজ্য সরকারগুলির সঙ্গে এই সঙ্কটজনক পরিস্থিতিতেও রাজনীতি করছে বিজেপি।
শুক্রবার বিকেলে বিরোধী দলগুলির ভিডিও কনফারেন্সের বৈঠকে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়েই সরব হবেন বলে জানা গিয়েছে। বৈঠকে শুরু থেকে থাকতে পারবেন না মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে আমফানের তাণ্ডবে উপদ্রুত এলাকা আকাশপথে পরিদর্শন করে বিকেল চারটে নাগাদ বৈঠকে যোগ দেবেন তিনি। তৃণমূলের তরফে বিরোধীদের এই বৈঠকে প্রথম থেকে হাজির থাকবেন জন্য দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien)। আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের স্বপক্ষে বক্তব্য পেশ করবেন বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে আমফানের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চেয়েছিলেন সনিয়া গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। এই দুর্যোগে রাজ্য সরকারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তাঁরা।
এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি (এস) প্রধান এইচ ডি দেবগৌড়া (H D Devegowda) সহ বহু বিরোধী দলের নেতারা। থাকার কথা ১৮টি রাজনৈতিক দলের নেতাদের। বৈঠকে যোগ দেবেন সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়াড ব্লকের মতো বামপন্থী দলগুলো। আপ এবং সমাজবাদী পার্টি আগেই জানিয়ে দিয়েছে, তাদের কোনও প্রতিনিধি থাকবেন না সোনিয়া গাঁধীর ডাকা বিরোধীদের এই বৈঠকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news