চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সিঙ্গুরের পর বিধাননগর। ফের ত্রাণ দিতে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের হাতে বেধড়ক মার খেলেন এক বিজেপি কর্মী। মারের চোটে দু’হাত ভেঙে দেওয়া হল তাঁর। ঘটনায় প্রকাশ, সোমবার নারায়ণপুর পূর্বাচলের বাড়ি থেকে বিজেপি কর্মী অভিজিৎ গিরি বাইকে চড়ে নিরঞ্জন পল্লিতে বিজেপির মণ্ডল সভাপতি রাজু পালের বাড়িতে আসছিলেন। অভিযোগ, লালকুটি এলাকায় অভিজিৎ গিরির বাইক থামানো হয়। বাইকের উপর বসে থাকা অবস্থায় বিজেপি কর্মী অভিজিৎ গিরিকে বেধড়ক মারধর করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ কাজ করেছে বলেই দাবি আক্রান্তের।
এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতার লোকজন বলেই এলাকায় পরিচিত তারা। পায়ে, ঘাড়ে বুকে ও পিঠে আঘাত লেগেছে বিজেপি কর্মী অভিজিৎ গিরির। অভিযোগ, অভিজিতের দু’হাত ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। গুরুতর আহত অভিজিৎ গিরিকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত ওই বিজেপি কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) অনুগামী বলে পরিচিত। ত্রাণ বিলি করার উদ্দেশ্যেই আহত বিজেপি নেতা অঞ্চল সভাপতির বাড়িতে যাচ্ছিলেন। আগে থেকে খবর পেয়ে, রাস্তায় তাঁকে ধরার জন্য অপেক্ষা করছিল তৃণমূল নেতাকর্মীরা, এমনটাই অভিযোগ বিজেপির।
প্রসঙ্গত, বিধাননগরে ত্রাণ বিলি করায় এক বিজেপি (BJP) কর্মী ও তাঁর দাদাকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের (TMC) কর্মী সমর্থকদের বিরুদ্ধে। হুগলি জেলার সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের মিল্কি গ্রামে রবিবার দুপুরে বলরামবাটি গ্রামের ওয়াজিদুর রহমানের বাড়িতে ত্রাণ সংগ্রহ করতে এসেছিলেন কয়েকজন। বাইরের লোক কেন এলাকায় এসেছে, এ বিষয়ে আপত্তি জানিয়ে এলাকার তৃণমূল কর্মীরা চড়াও হয় ওই বিজেপি নেতার বাড়িতে। বিজেপির অভিযোগ, তারপরেই ওয়াজিদুর রহমানকে মারধর করেন তৃণমুল কর্মীরা। পুলিশে অভিযোগ দায়ের করেও ফল হয়নি বলেই জানিয়েছেন বিজেপি নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news