সূর্য সরকার।
মতুয়া ভোট ফেরাতে ‘হাই পাওয়ার’ কমিটি গড়ল তৃণমূল (TMC)। উত্তর ২৪ পরগনার মতুয়া সম্প্রদায়ের (Matua Community) লোকজনকে নিয়ে বিশেষ কমিটি তৈরি করেছে তৃণমূল নেতৃত্ব। দলের উত্তর ২৪ পরগনা জেলা কোর কমিটির বৈঠকে এই নতুন কমিটি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। ২৫ জনকে নিয়ে তৈরি হয়েছে এই হাইপাওয়ার কমিটি। মূলত বনগাঁ লোকসভার জন্য আলাদা এই কমিটি তৈরি করা হয়েছে বলেই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। কমিটির মাথায় রয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস। তাঁর সঙ্গে বনগাঁ লোকসভার আওতায় থাকা তিন বিধানসভা কেন্দ্রের বিধায়করাও রয়েছে কমিটিতে।
স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল, গাইঘাটার বিধায়ক পুলিনবিহারী রায় ও বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাস কমিটির সদস্য হয়েছেন। রয়েছেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠও। তবে তাৎপর্যপূর্ণভাবে কমিটিতে নেই বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। এমনকি কোর কমিটির বৈঠকেও মমতা ঠাকুরকৈ আমন্ত্রণ জানানো হয়নি বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে প্রাক্তন সাংসদ কেন এই কমিটিতে নেই? বিশেষত যিনি মতুয়া পরিবারের সদস্য। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মমতা বালা ঠাকুরকে সামনে রেখে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। ঠাকুরবাড়িকে বেশি প্রাধান্য দিতে গিয়েই সামগ্রিকভাবে মতুয়া গোষ্ঠীর কথা ভাবা হয়নি, লোকসভা ভোট পরবর্তী দলীয় কাটাছেঁড়ায় উঠে এসেছে এই তথ্য।
তারপরেই আর ঠাকুরবাড়ির কোনও সদস্যকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। মতুয়া ভোট একজোট করতেই এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে সঙ্গে পুরোনো লোকজনকে গুরুত্ব দিয়েই কমিটিতে রাখা হয়েছে। যদিও বনগাঁ লোকসভার ৭ বিধানসভার জন্যই মূলত এই বিশেষ হাইপাওয়ার কমিটি তৈরি করা হয়েছে। যারা বাড়ি বাড়ি যাবেন, মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলোচনা শুরু করবেন। তাদের অভাব-অভিযোগ শুনবে ওই হাইপাওয়ার কমিটির সদস্যরা। এনআরসি নিয়ে মতুয়া গোষ্ঠীকে বোঝানোর দায়িত্ব তাদের কাঁধেই দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক (Joytipriyo Mullick)। এনআরসি নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হতে পারে, সেই বিষয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে বোঝাবেন তাঁরা। বিধানসভা ভোটের আগে মতুয়া ভোট ফেরাতে তৎপর তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news