দেবক বন্দ্যোপাধ্যায় : 
পঞ্চায়েতে লড়াইয়ের আগে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তার প্রথম জয়টি সেরে রাখল। তৃণমূলকে দিয়ে এক প্রকার ঘাড় ধরে রামনবমী পালন করাল বিজেপি! একই সঙ্গে এটিও প্রমাণিত হল যে চাপে পড়লে বাপ বলতে সময় নেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রমাণ হল আরও অনেক কিছু। প্রমাণ হল ধর্ম নিরপেক্ষতার বুলি আসলে ভোটের অঙ্ক ছাড়া তৃণমূলের মতো দলের কাছে আর কিছু না। শ্রীরামচন্দ্রকে বাংলা থেকে বনবাসে পাঠালে যে অবাঙালী ভোট ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি নির্লজ্জ তোষন নীতি সাধারণ হিন্দুদেরও তৃণমূল সম্পর্কে দ্বিতীয়বার ভাবাচ্ছে, বাংলার মানুষের নাড়ি বোঝা মমতা সেটা আন্দাজ করেছেন। তবে গেরোটা হল এই যে সাধারণ মানুষও সহজে বুঝতে পারছেন যে নিতান্তই ভোটের কারণে এবার মমতার মুখে রামনাম।
বিজেপি শুরু থেকেই মহাকাব্যের নায়ক, বিশ্বাসীদের অবতার আর ন্যায়ের প্রতীক রামচন্দ্রকে নিজেদের আদর্শ হিসেবে দেখে এবং দেখিয়ে এসেছে।। রামরাজ্য মানে আদর্শ গণতন্ত্র, সুশাসন, ন্যায়নিষ্ঠতা, দুর্নীতি থেকে মু্ক্তি। ফলে, রামনবমী করে ভোটের রাজনীতির দায় বিজেপির নেই। যদিও গতকাল, রবিবার রাজ্য জুড়ে রামনবমী পালন করে অসংখ্য মানুষকে বিজেপি রাস্তায় নামাতে পেরেছে। এটা পঞ্চায়েতের আগে বিজেপির রাজনৈতিক লাভ সন্দেহ নেই। ৩৪ বছরের শাসন এবং আরও অনেক বেশি সময়কালের বাম আন্দোলনের ঐতিহ্য মণ্ডিত বাংলা লেনিন-পতনে এমন উত্তাল হয়ে পথে নামেনি। বামেদের পথে নামা এখন মমতার অনুপ্রেরণা নির্ভর হয়ে গেছে কি না তা তারাই ভালো বলতে পারবে! বিরোধীদের মধ্যে বাকি রইল হারাধনের দশম সন্তান রাজ্য কংগ্রেস। এই দশম সন্তান সম্পর্কে কবি কবেই লিখে গেছেন, ‘হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ /মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ।’
এই রাজ্যে হারাধনের এই দশম সন্তানটি নিয়মিত বিধায়ক হারিয়ে, জেতা আসনের উপনির্বাচনে গোহারা হেরে, যখন তখন নেতা হারিয়ে (নেতা বলে নেতা! আজ মানস তো কাল শঙ্কর), নির্বাচন লড়তে গিয়ে দিল্লির কণামাত্র সাহায্য না পেয়ে এবং এ হেন বহুবিধ হারানো ও না পাওয়া পেরিয়ে দেখে সনিয়া মমতাকে ফোন করে উপনির্বাচনে জেতার জন্য অভিনন্দন জানাচ্ছেন! দেখে তৃণমূলের উচ্ছিষ্ট খেয়ে অভিষেক মনু সিংভিকে রাজ্যসভায় পাঠাচ্ছেন আবদুল মান্নানরা!
অন্যদিকে রাজ্যের সাধারণ সংখ্যালঘুদের (ধর্মীয় নেতাদের বাদ রেখে) একটি অংশও বুঝতে পারছে মমতার ইসলাম প্রেম ভোটেই শুরু ভোটেই শেষ। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ অংশের সামান্যতম সংগঠিত চাপেই দু’দিন আগের ‘গোবলয়ের রামকে’ পড়ি কি মরি করে মাথায় তুলতে ছুটেছে মমতা-বাহিনী। মমতা থেকে শুভেন্দু, সৌগত রায় থেকে ব্রাত্য বসু রাতারাতি বুঝে গেছেন রাম মাহাত্ম্য!
পঞ্চায়েতের আগে বিজেপির নৈতিক জয় এখানেই। তাছাড়াও নিজেদের পতাকার তলায় এত মানুষকে একসঙ্গে পথে নামানো, সংখ্যালঘুদের কাছে কিছুটা হলেও তৃণমূলের ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে দেওয়াও বড় সাফল্য বিজেপির।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news