নীল রায়।
বিধাননগরের সদ্য পদত্যাগী মেয়র সব্যসাচী দত্তকে বহিষ্কারের ইঙ্গিত দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে প্রশ্নের উত্তরে তৃণমূল মহাসচিব বলেন, “দলের প্রতি যাদের আনুগত্যে ভাঁটা পড়েছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।” সঙ্গে তাঁর আরও সংযোজন, “যাদের দলের প্রতি আনুগত্য নেই এবং যাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাদের বিরুদ্ধে দল দলীয় সংবিধান মেনে ব্যবস্থা নেবে।”
এদিন ইস্তফা দেওয়ার পরেই প্রাথমিক শিক্ষকদের অনশনের ষষ্ঠ দিনে পৌঁছে যান বিকাশ ভবনের সামনে। আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের দাবি দেওয়ার পক্ষে সওয়াল করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক। এই বিষয়টিও যে দল নজরে রেখেছে তাও স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সব্যসাচী দত্তের অবশ্যই ক্ষমতা রয়েছে। কিন্তু তাঁরও মনে রাখা উচিত তাঁকে এই ক্ষমতা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেই তিনি মেয়র হয়েছিলেন, হয়েছিলেন বিধায়কও।”
প্রসঙ্গত, বিধাননগরের মেয়র পদ ছেড়ে দেওয়ার পর তৃণমূল নেতৃত্ব চাইছে সব্যসাচী দত্ত নিজে থেকেই দল থেকে বেরিয়ে যান। কারণ সব্যসাচীর বেফাঁস মন্তব্য থেকে শুরু করে বারবার বিরোধী দল বিজেপির নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক করে ঘটনা বিড়ম্বনা বাড়িয়েছিল তৃণমূল নেতৃত্বের। তাই একবার যখন তাঁকে বিধাননগরের মেয়র পদ থেকে যখন সরানো গেছে। তখন আর সেই বিড়ম্বনা বাঁচিয়ে রেখে আর লাভ নেই। তাই সব্যসাচী দত্তের মেয়র পদে ইস্তফা দেওয়ার পরেই পরিষদীয় মন্ত্রীর তাপস রায় তাকে রাজারহাট নিউটাউনের বিধায়ক ও বিধান নগরের কাউন্সিলর পদ থেকেও সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news