নীল রায়।
মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে তাঁর হাতে তালোয়ার তুলে দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে। ছবিতে দেখা যাচ্ছে, রাণীনগর-২ ব্লক অফিসের কাছে ব্লকের যুব সভাপতি মিজান হাসান এবং বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম তৃণমুল সাংসদ ও মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খানকে তলোয়ার হাতে তুলে দিয়ে সংবর্ধনা দিচ্ছেন। এমন ছবি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে, ছড়িয়েছে বিতর্কও। কারণ আর রাম নবমীর সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘটনায়, তাঁকে ব্যাপক সমালোচনা করেছিল তৃণমূল। মেদিনীপুরের সাংসদ অবশ্য নিজের হাতে অস্ত্র তুলে নেওয়ার বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখেছিলেন। দিলীপের এমন অবস্থানকেও কড়া সমালোচনা করেছিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। কিন্তু দলীয় সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে তারোয়াল উপহার দেওয়াটা মোটেই তৃণমূলের সংস্কৃতি নয় বলেই দাবি করেছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক প্রবীণ নেতা। এ প্রসঙ্গে জানতে সাংসদ আবু তাহের খানকে মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তা সুইচ অফ থেকেছে।
দলীয় সাংসদকে তারোয়াল উপহার দেওয়া প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের নেতা অশোক দাস বলেন, “আপনি যে ছবিটির কথা বলছেন তা অনেক পুরোনো ছবি। আর এসব কথা ফোনে বলা যায় না। আমি এখন বৈঠকে ব্যস্ত আছি পরে ফোন করুন।” তৃণমূল নেতা ছবিটিকে খুব পুরনো বলে দাবি করলেও তা বেশি দিনের ঘটনা নয়। ২৩ মে মুর্শিদাবাদ লোকসভা থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হওয়ার পর, গত জুন মাসেই তাঁকে রাণীনগরের সম্বর্ধনা দেন এলাকার তৃণমূল নেতারা। সেখানেই আবু তাহের খানের হাতে তুলে দেওয়া হয় একটি ঝকঝকে নতুন তালোয়ার। তবে রাণীনগরের কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, “কেন্দ্র ও রাজ্যের দুই জায়গায় স্বৈরাচারী শাসকরা শাসন করছে। তৃণমূল যে প্রয়োজন পরলে অস্ত্রের ব্যবহার করে এবং অস্ত্র হাতে তুলে নিতে কুণ্ঠাবোধ করে না। সাংসদ আবু তাহের খানের হাতে তারোয়াল তুলে দিয়ে সেই সংস্কৃতির পরিচয় দিয়েছে তৃণমূল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news