নীল রায়।
মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েই চলেছে। আবারও পারস্পরিক দ্বন্দ্বে আক্রান্ত হলেন আরও এক তৃণমূল (TMC) নেতা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমকলের জুড়ানপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম তৃণমূল নেতার নাম সফিকুল ইসলাম, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তিনি জুড়ানপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। বোমার আঘাতে গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা অবস্থা বিশেষ ভাল নয়, তা বুঝে কলকাতায় নীলরতন সরকার হাসপাতালে রেফার করেছেন।
দলীয় কার্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর জখম হলেন তৃণমূলের এক উপপ্রধানের স্বামী ও তার দুই অনুগামী। জানা গিয়েছে, সফিকুলের সঙ্গে বাইকে থাকা দু’জনও বোমার আঘাতে জখম হয়েছেন। কিন্তু ডোমকল মহকুমা হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা সম্পর্কে সফিকুলের খুড়তুতো ভাই ও শ্যালক। ওই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ বাহিনী।
ডোমকল ব্লক তৃণমূলের সভাপতি হাজিকুল ইসলামের দাবি “কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে ওই ঘটনা ঘটেছে।” অভিযোগ খারিজ করে কংগ্রেস (Congress) ব্লক সভাপতি বিকাশ ঘোষের কথায়, “ওটা তৃণমূলের নতুন-পুরাতন গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে ঘটেছে। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্কই নেই।” ডোমকলের এসডিপিও জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কারও গ্রেপ্তারির খবর নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news