চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“আমার বাবাকে যারা গদ্দার বলেছে তাদের বাংলা ছাড়া করতে বিজেপিতে এসেছি।” এভাবেই তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় (Shubranshu Roy)। বিকেলে ‘পশ্চিমবঙ্গে বিজেপি’র অফিসিয়াল ফেসবুক পেজে ‘আমার পরিবার বিজেপি পরিবার’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই মিনিট ৪০- এর এক সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন শুভ্রাংশু। নিজের তৃণমূল ছাড়ার প্রসঙ্গে যেমন অকপট জানিয়েছেন মুকুল পুত্র। তেমনই, অপমান যে তিনি এখনও মনে রেখেছেন তাও স্পষ্ট করেছেন। তেমনই এক প্রশ্নের উত্তরে শুভ্রাংশু বলেছেন, “২০১৭ সালে বাবা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আমি তখনও তৃণমূলে (TMC) রয়েছি। আমার বাড়ির সামনে দিয়ে তৃণমূলের মিছিল গেছে। আমার বাড়িতে আমার পরিবারের সব লোক রয়েছে। তৃণমূল থেকে থেকে কেউ কেউ আমাদের বাড়ির সামনে প্রস্রাব পর্যন্ত করে গিয়েছে। এইসব দিন দেখতে হয়েছে আমাকে।”

এরপরই ক্ষোভের সুরে মুকুল পুত্র বলেছেন, “বাবার নাম যুক্ত থাকলে অবশ্যই একটা বাড়তি সুবিধা আছে। বিজেপিতে যোগদানের একটা অন্যতম কারণ হলেন বাবা। ছোটবেলায় ঠাকুরমা রামায়ণ, মহাভারত পড়ে শোনাতেন। সেখানে শুনেছিলাম রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তার বাবার জন্য। বাবার কথা রাখতে।” তিনি আরও বলেন, “আর আমি দেখেছিলাম ২০১৭ সাল থেকে আমাকে মঞ্চে বসিয়ে আমার বাবাকে অপমান করা হচ্ছে। আমি অন্যায় করেছি ওই দুই বছর তৃণমূলে থেকেছি। তাই আমি যোগ্য জবাব দিতে ভারতীয় জনতা পার্টি তে এসেছি। যারা আমার বাবাকে গদ্দার বলেছে। তাঁদের যাতে এই বাংলা থেকে সরিয়ে দেওয়া যায়।”

মুকুল রায়ের (Mukul Roy) পুত্র হওয়ার কারণেই যে তাঁকে তৃণমূলে ব্রাত্য করে রাখা হয়েছিল, সেই ক্ষোভও উগরে দিয়েছেন এদিন। তিনি বলেছেন, “আমি অমিত শাহজি সঙ্গে কথা বলেছি আমিন জেপি নাড্ডাজির সঙ্গেও কথা বলেছি। আমার মতো বিধায়ক তো পশ্চিমবঙ্গ কেন ? ভারতবর্ষের সব জায়গাতেই ছড়িয়ে-ছিটিয়ে আছে। আমাদের সঙ্গে কথা বলার কোন প্রয়োজন ছিল না তাদের। কিন্তু তারা যেভাবে সন্তানসহ দিয়ে পিঠে হাত রেখে কথা বলেছেন তাতে আমি আপ্লুত।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news