নিজস্ব সংবাদদাতা:
মনোনয়ন জমা দেওয়া নিয়ে এবার ধুন্ধুমার বাধল তৃণমূলের মধ্যেই। সোমবার শেষ দিনে আরামবাগ এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসেন দুই তৃণমূল নেতা সমীরণ মিত্র ও মানিক দাস। তাঁরা এদিন এসডিও অফিসে ঢুকতেই তাঁদের বাধা দেয় তৃণমূল কর্মীরা। অভিযোগ এই দুই নেতাকে শারীরিক নিগ্রহও করা হয়। জানা গিয়েছে তৃণমূল নেতা সমীরণ মিত্র হরিপালের বাসিন্দা। অন্যদিকে সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা মানিক দাস। গত নির্বাচনেও তাঁরা জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে এবার আসন সংরক্ষণের কারণে নিজেদের এলাকায় দলের টিকিট পাননি এই নেতারা। তবে দলীয় নির্দেশে জেলার তরফে তাঁদের আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেওয়া হয়। এদিন দলীয় নির্দেশে আরামবাগ মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান তাঁরা। কিন্তু সেখানে জড়ো হওয়া যুব তৃণমূল কর্মীদের হাতেই প্রহৃত হন তাঁরা। এরপরেই তৃণমূল ও যুব তৃণমূলের সদস্যদের মধ্যেই বেধে যায় মারামারি। শেষে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। উত্তেজিত দলীয় কর্মীদের হঠাতে শুরু হয় লাঠিচার্জ। ফাঁকা করে দেওয়া হয় এলাকা। পরে মনোনয়ন জমা দেন এই দুই তৃণমূল নেতা। এই ঘটনায় আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন যুব তৃণমূলের কিছু সদস্য এই দুজনকে মেনে নিতে পারছিল না। তাদের দাবি বহিরাগতদের মনোনয়ন জমা দিতে দেওয়া হবে না। দলের নির্দেশে ওঁরা মনোনয়ন জমা দিতে এসেছে এই কথা বোঝাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অন্যদিকে মনোনয়ন জমা দিতে আসা তৃণমূল প্রার্থী সমীরণ মিত্র অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় অস্বীকার করে বলেন মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোনও ঝামেলা হয় নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news