ওয়েব ডেস্ক:
তৃণমূল কংগ্রেস আয়োজিত রক্তদান শিবির রক্ত দিয়ে মিলল পেল্লাই ইলিশ, সঙ্গে ইনডাকসন ওভেন। পছন্দসই উপহারে কাজও হল। দলে দলে ভিড় জমালো রক্তদাতারা। তবে উপহারে প্রলোভন দেখিয়ে রক্তদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলার খবর পেয়ে মধ্য কলকাতার ওই রক্তদান শিবিরে হানা দেয় স্বাস্থ্য দফতরের কর্মীরা।
এদিন কলেজ স্কোয়ারে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে খনিক তফাতেই রক্তদান শিবিরের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সেখানে রক্তদাতাদের উপহার দেওয়া হয় ইলিশ মাছ ও ইনডাকশন ওভেন। জানা গিয়েছে, নামে মির্জাপুর বান্ধব সম্মিলনী ক্লাবের তরফে এই রক্তদান শিবির হলেও আয়োজনের পিছনে রয়েছেন তৃণমূলের তাবড় নেতারা।
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় নন্দীর সাফ কথা, ‘তৃণমূলের বহু নেতামন্ত্রী রক্তদান শিবিরে উপহার দেন। আমরা দিলেই দোষ! রক্তের বিনিময়ে উপহার দিচ্ছি একথা ঠিক নয়। রক্তদান করে ফেরার সময় আমরা রক্তদাতাদের হাতে সামান্য উপহার তুলে দিচ্ছি।’ এমনকী সঞ্জয়বাবুর মন্তব্য, ‘দিয়েছি বেশ করেছি। আবার দেব। পরেশ পাল, তাপস রায় রক্তদান শিবিরে উপহার দিলে তখন দোষ হয় না। যত দোষ আমাদের বেলা?’
উল্লেখ্য, দেশের অঙ্গ ও কলা প্রতিস্থাপন আইন বলা আছে, কোনও ব্যক্তি অঙ্গ বা কলা দান করলে বিনিময়ে কোনও ধরনের অনুদান বা উপহার নিতে পারবেন না। রক্ত দেহের একটি কলা। ফলে রক্তদানের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। এছাড়াও রাজ্যের স্বাস্থ্য দফতরের স্পষ্ট নির্দেশ রয়েছে, রক্তদান শিবিরে উপহার নিষিদ্ধ। এরপরেও খোদ শহর কলকাতায় সরকারি হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে বুক ফুলিয়ে চলল শাসক দলের বেআইনি রক্তদান শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news