নিজস্ব সংবাদদাতাঃ
পুজোর আনন্দে জল ঢালতে চলেছে নিন্মচাপ? এমনটাই অশঙ্কা আবহাওয়া দপ্তরের। কারণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ যথারীতি সক্রিয়। হাওয়া অফিস সূত্রে খবর, পুজোর আগেই তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে।
বর্তমানে নিম্নচাপটি কলকাতা থেকে ৮৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও গভীর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘তিতলি’। বৃহস্পতিবার সকালে ‘তিতলি’ গোপালপুর ও কলিঙ্গপত্তনম উপকূলে আছড়ে পড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তারপর তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি হারাবে বলে জানানো হয়েছে। সেই সূত্রে আগামীকাল থেকে টানা তিনদিন বুধ, বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও উত্তরবঙ্গের মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি হতে পারে।
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পুর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পুর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এছাড়াও উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং হিমালয়ের পাদদেশ অঞ্চল অর্থাৎ ডুয়ার্স, কোচবিহার, জলপাইগুড়ি প্রভৃতি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এর পাশাপাশি শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। এইসঙ্গে প্রবল বেগে হাওয়া বইবে এই কদিন। ‘তিতলি’র কথা মাথায় রেখে মঙ্গলবার শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানান হয়েছে, শুক্রবারের পর থেকে ধীরে ধীরে শক্তি কমবে ‘তিতলি’র। তা না হলে কিন্তু বাঙালির সেরা উৎসবের আনন্দ মাটি হতে বাধ্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news