নীল রায়।
মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জের একই পরিবারের তিনজন সদস্য খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মঙ্গলবার জিয়াগঞ্জ থানার কানাইগঞ্জ লেবুবাগান এলাকায় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রশাসন এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনায় প্রকাশ, দশমীর দিন বেলা ১২টা নাগাদ তিনজনের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম প্রকাশ পাল (শিক্ষক-৩৫), স্ত্রী বিউটি পাল (৩০) এবং ছেলে অঙ্গন পাল (৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রকাশ পাল গোসাঁইগ্রাম সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁরা সাগরদিঘির আদি বাসিন্দা। বছর দুয়েক আগে ছেলের পড়াশোনার জন্য জিয়াগঞ্জে চলে আসেন তাঁরা। আচমকা এমন ঘটনা ঘটায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, ঘটনার দিন সকালে অজ্ঞাত পরিচয়ের এক যুবক আসে ওই শিক্ষকের বাড়িতে। তারপর বাড়ির ভিতর থেকে তুমুল ঝগড়ার আওয়াজ পান প্রতিবেশীরা। দীর্ঘক্ষণ চলে চিৎকার চেঁচামেচি। এরপরই বাড়ি থেকে ওই যুবককে ছুটে বেরোতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে আসে জিয়াগঞ্জ থানার পুলিশ (Jiagunj police)। এসে উদ্ধার করে ওই তিনজনের দেহ। উদ্ধার হয় একটি ধারালো অস্ত্রও। সম্ভবত ওই অস্ত্র দিয়েই খুন করা হয়েছে ৩ জনকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news