চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের (Excise Department) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার সকালে পরপর তিনটি টুইট করেন তিনি। প্রথম টুইটে রাজ্যপাল লেখেন, “আশঙ্কা সত্যি হল! আবগারি দফতর এক আইন মানা এবং দাদাগিরির বিরুদ্ধে সরব হওয়া সংস্থার পিছনে পড়েছে। বাক্সবন্দি কঙ্কাল এবার এক এক করে বেরোবে। আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন।” তিনি আরও বলেছেন, “আমলাদের কেবলমাত্র আইনের পথে থাকা উচিত। এ,বি,সি’র শাখা অফিসের মত আচরণ করা উচিত নয়। আইনের হাতুড়ির থেকে তাঁদের বাঁচা উচিত।”
https://twitter.com/jdhankhar1/status/1272774260524642304?s=09
জগদীপ ধনখড় লেখেন, “রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে তৈরি অন্যতম সেরা ব্যঙ্গ ছবি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। ওই ছবি দেখিয়েছে কিভাবে দুষ্ট রাজা শ্রমিক, চাষিসহ হীরক রাজ্য তৈরির কারিগরদের শোষণ- দমন চালাতেন। শেষে মানুষ বিদ্রোহ করে। মুখ্যমন্ত্রী আত্মানুসন্ধানের সময় এসেছে। ব্যবস্থা নিন।” প্রসঙ্গত, লকডাউনের সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাদের রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। যার জেরে শেষমেষ পদক্ষেপ নিতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।
যদিও এদিন যে অভিযোগটি তিনি করেছেন, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি। বা কাউকে দুর্নীতির জন্য দায়ী করেননি রাজ্যপাল। বরং আবগারি দপ্তরের দিকে দুর্নীতি ইঙ্গিত করে বারবার মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। দিন কয়েক আগেই গড়িয়া মহাশ্মশানে বেশকিছু মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। সেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপালও।
মৃতদেহ নিয়ে রাজ্যপালের এহেন সরব হওয়ার বিরুদ্ধে তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার সদস্য দীনেশ ত্রিবেদী ও কৃষ্ণনগরের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে অসত্য তথ্য পরিবেশন করার অভিযোগ এনেছিল তৃণমূল (TMC)। তা সত্ত্বেও দমে না গিয়ে এদিন রাজ্য সরকারের আবগারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে দিয়েছেন রাজ্যপাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news