যা গেছে তা যাক! আর নয়, ভারত-কে আবেদন চিনের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
যা গেছে তা যাক ! আর নয়, ভারত-কে আবেদন করল চিন। সোমবার রাতে ভারত সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় গালওয়ান ঘাঁটিতে দুপক্ষের সেনা জওয়ানরা হতাহত হয়েছেন। ভারতের পক্ষে তিন সেনার মৃত্যু হলেও, হতাহত নিয়ে মুখ খোলেনি বেজিং। চিনের তরফে এদিন ভারতকে অনুরোধ করা হয়েছে, দুই দেশের সীমারেখা কঠোরভাবে মেনে চলুন। একতরফা কোনও কাজ করবেন না। ভারতীয় সেনা (Indian Army) এদিন বিবৃতি দিয়ে বলেছে, গত রাতে চিনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছিল। উত্তেজনা কমানোর জন্য দুই দেশের সেনাকর্তারা বৈঠকে বসেছেন।
সরকারের কাছে এমন আবেদন জানালেও মঙ্গলবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান অভিযোগ করেছেন, সোমবার ভারতের সেনা দু’বার সীমান্ত লঙ্ঘন করে তাঁদের দেশে ঢুকে পড়ে। চিনা সৈনিকদের ওপরে তারা উস্কানিমূলক আক্রমণ চালায়। সূত্রের খবর, সংঘর্ষে ভারতের মতোই প্রাণ হারিয়েছেন পাঁচজন লাল ফৌজের সেনা। গুরুতর আহত হয়েছেন ১১ জন। কিন্তু ঘটনায় হতাহতের কথা স্বীকার করতে নারাজ চীনা প্রশাসন। যেনতেন প্রকারেণ ভারতের পদক্ষেপ রুখতে মরিয়া রাষ্ট্রপতি শিং জিনপিং সরকার (Xi Jinping Govt.)।
এ প্রসঙ্গে টুইট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেসের লোকসভার দল নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি লিখেছেন, “কর্নেল সহ আমাদের সেনা জওয়ানরা অসাধু চীনা আগ্রাসনের শিকার হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে বলব প্রতিশোধ, প্রতিশোধ এবং প্রতিশোধ গ্রহণের উপযুক্ত হতে হবে! আমি আমাদের সেই মাতৃভূমির জন্য যারা তাদের মূল্যবান জীবন দিয়েছেন তাদের সাহসী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news