ওয়বে ডেস্ক:
বাড়ল তাজমহলের টিকিটের দাম। এবার থেকে গুনতে হবে অতিরিক্ত ২০০ টাকা। কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল কতকটা বাধ্য হয়ে। আসলে তাজ দেখার উৎসাহ বাড়ছে বৈ কমছে না। এদিকে যত দর্শক সংখ্যা বাড়ছে তত ক্ষতি হচ্ছে ঐতিহাসিক স্মৃতিসৌধটির। এমত অবস্থায় পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতমর টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এতে করে যেমন পর্যটক সংখ্যা কিছুটা হলেও কমবে, তেমনই অতিরিক্ত অর্থ দিয়ে তাজমহল রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা যাবে। সেই কারণেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত৷
আজ সোমবার থেকেই নয়া হারে বাড়ানো হল টিকিটের দাম৷ আগে তাজমহল দর্শনের জন্য দেশি পর্যটকদের ৫০ টাকা প্রবেশমূল্য দিতে হত৷ সেই টাকা দিয়েই গোটা স্মৃতিসৌধ ঘুরে দেখা যেত৷ এবার থেকে সেই টাকার সঙ্গে আরও ২০০ টাকা যোগ হল৷ যারা মুমতাজ ও মুঘল সম্রাট শাহজাহানের সমাধিস্থল দেখতে চাইবেন তাদেরকে অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে৷ ৫০ টাকা প্রবেশমূল্য দিয়ে সেখানে ঢোকা যাবে না৷ অন্য দিকে বিদেশি পর্যটকদেরও ২০০ টাকা অতিরিক্ত অর্থ দিতে হবে৷ বিদেশি পর্যটকদের প্রবেশমূল্য বাবদ দিতে হয় ১১০০ টাকা৷ এর সঙ্গে যুক্ত হবে ২০০ টাকা৷
এছাড়া সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটকদের ক্ষেত্রেও ২০০ টাকা বাড়ানো হয়েছে টিকিটের দাম৷ সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটকদের তাজ দর্শনের জন্য ৫৪০ টাকা দিতে হয়৷ তার সঙ্গে আরও ২০০ টাকা যোগ হল আজ থেকে৷ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি হয়নি ট্যুর অপারেটর সংস্থাগুলি৷ তাদের মতে, এই সিদ্ধান্ত ব্যুমেরাং হবে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news