নীল রায়:
মদন পুত্র কোথায়? এ নিয়ে জোর গুঞ্জন বাংলার রাজনৈতিক মহলে। সম্প্রতি আইকোর মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। সূত্রের খবর সেই মামলার তদন্তে গতি আনতেই প্রাক্তন পরিবহন মন্ত্রীর বড় ছেলে স্বরূপ মিত্রকে জেরা করতে তাঁকে ভুবনেশ্বরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের ৫ তারিখ থেকে তাঁকে জেরা শুরু করেছে সিবিআই। কিন্তু মদন মিত্রের বাড়িতে স্বরূপ মিত্রের খোঁজ করতে গেলে বলা হচ্ছে, জরুরি কাজে মুম্বই গিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে রোজভ্যালি কাণ্ডে দু’দফায় প্রায় দেড় বছর সিবিআইয়ের জিম্মায় কাটিয়েছেন মদন মিত্র স্বয়ং। প্রশ্ন উঠছে, সত্যি কি মদন-পুত্র সিবিআইয়ের জেরার মুখে, নাকি কেবলই গুজব ছড়িয়েছে! যে ভবানীপুর এলাকায় মদন মিত্রের বাড়ি, সেই ভবানীপুরেই আইকোর প্ল্যানেট গড়েছিলেন সংস্থার মালিক অনুকূল মাইতি। তাই সুত্রের দাবি বেশ জোরাল হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
সারধা কাণ্ডের পর একে একে সব চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হলে গ্রেফতার হন অনুকূল। সম্প্রতি ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যাকে। মনে করা হচ্ছে এই কাণ্ডে আরও জিজ্ঞাসাবাদ বা ধড়পাকড় হতেই পারে। এদিকে সূত্রের খবর, মদন-পুত্র আপাতত ভুবনেশ্বরেই রয়েছেন। তাঁকে ভুবনেশ্বরেই থাকতে বলা হয়েছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news