চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছেই। শুক্রবার তৃণমূল সদস্য পদ ও বিধায়ক পদ ছাড়তে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘনিষ্ঠ মহলে এমন ইঙ্গিত দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু অধিকারী তৃণমূল (TMC) ছাড়বেন ধরে নিয়েই বিধানসভা ভোটের ঘুঁটি সাজানো শুরু করেছে ঘাসফুল শিবির। তবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব চাইছে সবার আগে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন শুভেন্দু। সূত্রের খবর আগামী রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করবেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা। তবে, মন্ত্রিত্ব পদ ছাড়ার পর এবার তৃণমূল সদস্য পদ ও নিজের বিধায়ক পদও যে ছেড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী সে ব্যাপারে নিশ্চিত বাংলার রাজনীতির কারবারিরা। জানা যাচ্ছে, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। গত শুক্রবার দুপুরে, শুভেন্দু মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার পর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর বাড়িতেই জরুরি বৈঠক ডেকেছিলেন। নন্দীগ্রাম বিধায়ক দল ছাড়লে বিকল্প পরিস্থিতি মোকাবিলার জন্য সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন।
গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায়। সোমবার রাতে শুভেন্দুর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরকে নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি। সেই বৈঠকের পর সৌগত রায় দাবি করেছিলেন, সব সমস্যা মিটে গিয়েছে। যদিও শুভেন্দুর কোনও বক্তব্য জানা যায়নি। সৌগত বারবারই বলছিলেন, শুভেন্দু তৃণমূলেই ছিলেন এবং থাকবেন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে আবার জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু বুধবার শুভেন্দু সৌগতকে বার্তা পাঠিয়ে জানিয়ে দেন, তাঁর উপর ‘একতরফা ভাবে সব চাপিয়ে দেওয়া হয়েছে’। ঠিক হয়েছিল, তিনি ৬ তারিখ সাংবাদিক বৈঠক করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন। তার আগেই সৌগত রায় (Sougato Roy) যেহেতু প্রকাশ্যে সব বলে দিয়েছেন বলে শুভেন্দু উষ্মাও প্রকাশ করেছেন। পাশাপাশিই জানিয়ে দেন, এর পর আর ‘একসঙ্গে কাজ করা’ সম্ভব নয়।
তৃণমূল সূত্রের খবর, দলের তরফে সেই বার্তা শুভেন্দুকেও মোবাইলে বার্তা পাঠিয়ে জানিয়ে দিয়েছেন সৌগত। সেখানে তিনি জানিয়েছেন, বৈঠকে যা হয়েছিল, সেটাই বলা হয়েছিল। শুভেন্দুও তাতে সম্মতি দিয়েছিলেন। এখন শুভেন্দু তাঁর অবস্থান বদলালে সেটা তাঁর বিষয়। প্রকাশ্যে সৌগত জানিয়ে দিয়েছেন, শুভেন্দুর সঙ্গে আর আলোচনার কোনও সম্ভাবনা নেই। আজ শুভেন্দু অধিকারী দলের সদস্য পদ ও নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে যাবতীয় সম্পর্ক ছিন্ন করবেন বলেই খবর। আগামী রবিবার তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে বিস্তারিত জানাবেন হলদিয়ার সাংবাদিক সম্মেলন থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news