চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
বিচারাধীন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার জেরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) হাত থেকে। শুক্রবার চাঞ্চল্যকর রায় দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এই মামলাগুলিতে অন্য বিচারপতিকে নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে।
উল্লেখ্য, কিছুদিন আগে একটি বেসরকারি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, ওই সাক্ষাৎকারে একাধিক বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এক মামলায় এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। বিষয়টি নজরে আসতেই হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)।
শুক্রবার হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই সাক্ষাৎকারের তরজমা জমা দেন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই সাক্ষাৎকার খতিয়ে দেখার পর জানিয়ে দিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় আর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ কটাক্ষের সুর, তিনি টুইটে জানান।
সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন ' সব কা বিকাশ' কাকে বলে।
বিকাশ ছুঁলে কী হয়।কমরেড, সমবেদনা রইল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 28, 2023
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই (CBI) বা ইডির (ED) তদন্ত সংক্রান্ত কোনও মামলা হলে, সেগুলিও যুক্ত হতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মামলাগুলির জন্য নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন।
শুরু থেকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলা হাতক্ষেপে ছিলেন। গত এক দেড় বছরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলিতে তার দেওয়া রায়েই প্রকাশ্যে এসেছে একের পর এক দুর্নীতি। গ্রেপ্তার হতে হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। জেল খাটছেন শাসকদলের একাধিক বিধায়ক। আরও একাধিক তৃণমূল নেতা কেন্দ্রীয় তদন্তকারীদের র্যাডারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া একাধিক রায়কে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অস্ত্র হিসাবেও ব্যবহার করছে বিরোধীরা। এবার সেই বিচারপতিকেই সরে যেতে হল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে। তাহলে কি দুর্নীতির পর্দাফাঁস অর্থাৎ দুর্নীতির মাথা কি আদৌ ধরা পড়বে ? নাকি এতদিনের মতো দুর্নীতি চাপা পড়ে থাকবে !
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news