দেবক বন্দ্যোপাধ্যায়
EXCLUSIVE
মুকুল রায়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন সোমেন মিত্র। এমনই অভিযোগ যে শুধু মুকুল নয়, অভিযোগের পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্ধ করছে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয়মন্ত্রীকেও।
বুধবার নয়াদিল্লির সাংবাদিক বৈঠকে একটি প্রশ্মের উত্তর দিতে গিয়ে মুকুল বলেন, সুদীপ্ত সেনের সারধা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল সোমেন মিত্রর। রাজ্যে মমতাবিরোধী শক্তিগুলিকে এক মঞ্চে আনার একটা প্রক্রিয়া যখন চলছে, তখন কেন নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই জনসমক্ষে সারধার সঙ্গে সোমেনের নাম জড়িয়ে মন্তব্য করলেন? সাংবাদিক বৈঠকের পরে টেলিফোনে এই প্রশ্নের উত্তরে চ্যানেল হিন্দুস্তানকে মুকুল বলেন, তাঁকে (সোমেন) তো ডাকা (সিবিআই তলব) হয়েছিল। ততক্ষণে মুকুলের এ হেন মন্তব্য নিয়ে কলকাতায় সোমেনের ঘনিষ্ঠ মহলে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বুধবার, দলীয় কাজে সোমেন মিত্র ছিলেন ভুবনেশ্বরে। সন্ধেবেলা সংবাদমাধ্যমের থেকে মুকুলের বক্তব্য জানতে পেরে প্রাথমিক ভাবে অবাক হয়ে যান সোমেন। মুকুলকে কেন, কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলতে হল তা তাঁর বোধগম্য হয়নি। তিনি সংবাদমাধ্যমে মুকুলকে কটাক্ষ করে বলেন, তাহলেই বুঝুন তাঁর (মুকুল) সঙ্গে সারধা মালিকের কত নিবিড় সম্পর্ক ছিল যে তিনি এটাও জানেন যে কার কার সঙ্গে সারধার যোগাযোগ ছিল।
এই পর্যন্ত একরকম ছিল। বৃহস্পতিবার চ্যানেল হিন্দুস্তানকে সোমেন যা বললেন তা এক কথায় বিস্ফোরক।
সোমেন এদিন বলেন, “মুকুল আমার বাড়িতে বসে বলে গেছে, অরুণ জেটলি না থাকলে ও এতদিনে জেলের ভেতরে থাকত।” এমনিতে মৃদুভাষী সোমেন, সারধার মত স্পর্শকাতর বিষয়ে মুকুলের এমন মন্তব্য একেবারেই হাল্কা ভাবে নিতে রাজি নন। রাজ্যের বেআইনি চিটফান্ড নিয়ে তিনিই প্রথম চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে। তিনি তখন তৃণমূলের সাংসদ। সেই সময় থেকেই কংগ্রেস ছেড়ে যাওয়া সোমেনের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হওয়ার শুরু।
তবে এদিন সোমেনের বক্তব্যের সরাসরি কোনও উত্তর দেননি মুকুল। নয়াদিল্লি থেকে চ্যানেল হিন্দুস্তানকে বলেছেন, “আমি বা সোমেন মিত্র কেউই অভিযুক্ত নই। তদন্তকারী সংস্থা আমাদের তদন্তে সহযোগিতার জন্যে ডেকেছিল। আমরা সহযোগিতা করেছি।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news