Breaking News
Home / TRENDING / নাম ও মৃত্যুতে সুকান্তর সঙ্গে আশ্চর্য মিল তাঁর জন্মের আগে লেখা গল্পের

নাম ও মৃত্যুতে সুকান্তর সঙ্গে আশ্চর্য মিল তাঁর জন্মের আগে লেখা গল্পের

 পার্থসারথি পাণ্ডা:

সুকান্তর জন্ম হয়েছিল মামারবাড়িতে। কালীঘাটে। কিন্তু তাঁর ‘সুকান্ত’ নামকরণটি করেছিলেন জ্যাঠতুতো দিদি রানি। রানিদি রবীন্দ্রনাথের কবিতা খুব ভালোবাসতেন। আর ভালোবাসতেন মনীন্দ্রলাল বসুর লেখা। মনীন্দ্রলাল বসুর একটি গল্প তাঁর খুব ভালো লেগেছিল। সেই গল্পের নায়কের নাম ছিল ‘সুকান্ত’, যে কিনা যক্ষ্মা রোগে মারা যায়। বড্ড বুকে বেজেছিল তাঁর। তাই আদরের খুড়তুতো ভাইটির নাম রেখেছিলেন ‘সুকান্ত’ এবং আশ্চর্য সমাপতন, এই সুকান্তও চলে গিয়েছিলেন যক্ষ্মা রোগে। অকালে।
কিন্তু সেই শোক রানিদিকে ভোগ করতে হয়নি। সুকান্তর যখন পাঁচ বছর বয়স, তখন তিনি মারা গিয়েছিলেন। প্রিয় দিদি, ভালোবাসার মানুষকে হারানোর শোক পেয়েছিলেন বরং সুকান্তই। প্রথম স্বজন হারানোর শোক!

শ্যমবাজারের নিষ্ঠাবান ব্রাহ্মণ নিবারণ ভট্টাচার্যের প্রথমা পত্নীর অকাল মৃত্যু হয় এক পুত্র সন্তান রেখে। তখন তিনি দ্বিতীয়পক্ষ গ্রহণ করেন। বিয়ে করেন কালীঘাটের সতীশ ভট্টাচার্যের তৃতীয় মেয়ে সুনীতিকে। তখন নিবারণের বয়স একত্রিশ, আর সুনীতির বয়স সবে এগারো। নিবারণ-সুনীতির ছয় ছেলের মধ্যে সুকান্ত দ্বিতীয়। মায়ের সাহিত্যপাঠের খুব ঝোঁক ছিল। হাতের কাছে কাশীদাসী একখানা ছিল, তাই ছেলেকে নিয়ে সুর করে পড়তেন। বাবা ব্রাহ্মণ হিসেবে গোঁড়া, বাড়িতে আমিষ ঢুকতে দেন না, যজমানি করেন, বাইরে কাঠখোট্টা, কিন্তু ভেতরে বেশ রসিক মানুষ ছিলেন।

একবার সুকান্ত ও সুকন্তর ছোট ভাইকে নিয়ে নিবারণ বাসে উঠেছেন শ্যামবাজার থেকে। সুকান্ত বয়স তখন বছর ছয়। ভাইটির বয়স চার। কন্ডাক্টারকে ভাড়া দিতে গিয়ে ছোট ছেলেটিকে দেখিয়ে বললেন, এর নিশ্চয় ভাড়া দিতে হবে না। না, দিতে হবে না। কিন্তু সুকান্তকে দেখিয়ে কন্ডাক্টার বলল, এর ভাড়া লাগবে। নিবারণ রসিকতা করে বললেন, বাসে এতো লোক, ধরেই নাও না এ তাদেরই কেউ! এ রসিকতা সুকান্তর মোটেই ভালো লাগল না। রাগ হল খুব। তিনি পরের স্টপে নেমে গেলেন এবং হন হন করে হাঁটতে লাগলেন। ভাইকে নিয়ে বাধ্য হয়ে বাবাকে নেমে সুকান্তকে ধরতে হল। দুম করে নেমে গেলি যে? অভিমানে রাগে ঠোঁট ফুলিয়ে সুকান্ত বললেন, ভাই তোমার ছেলে, আর আমি তোমার কেউ নই তাই না?

বাড়ির ছেলে বাড়িতে থাকবে এর ওর ঘরে কেন ঘুরে বেড়াবে!–এই ছিল নিবারণের মত। সুকান্তর মাসির বাড়ি বাগবাজারে। সেখানে সুকান্ত সময়সুযোগ পেলেই চলে আসেন। মাসতুতো ভাইয়ের সঙ্গে গল্পগুজব করতে। তাঁর ভালো লাগে এখানে থাকতে, বাড়ির চেয়ে। তাই মাঝে মাঝে থেকেও যান। সেটা নিবারণ একদম পছন্দ করেন না। একবার সুকান্ত সে বাড়িতে। এমন সময় নিবারণ গেলেন সেখানে মাসীদের পৈতের নিমন্ত্রণ করতে। সামনে পড়ে গেলেন সুকান্ত। জানেন, বাবা এক্ষুনি দুচার কথা শুনিয়ে দেবেন। তাই এড়িয়েই চলে যাচ্ছিলেন। কিন্তু তাঁকে ডেকে থামালেন নিবারণ। শোন সুকান্ত! সুকান্ত থামতে বাধ্য হলেন। নিবারণ তাঁকে হাতজোড় করে বললেন, অমুকদিন বাড়িতে আসবেন, ওইদিন আমার মেজো ছেলের উপনয়ন! সবাই এ কথায় হেসে উঠলেন। কিন্তু ভীষণ লজ্জা পেলেন সুকান্ত, আসলে পৈতেটা যে তাঁরই!

মায়ের মুখে পয়ারত্রিপদী আর বাবার মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোকের পাঠ শুনতে শুনতে তাঁর কবিমন আর ছন্দের কান তৈরি হয়ে উঠছিল। পাঁচ-ছ বছর বয়সেই মুখে মুখে ছড়া কাটতে শুরু করলেন। সবাই তাতে বেশ মজা পেতে লাগলেন, আর ডাকতে লাগলেন ‘কবি’ বলে। পড়াশোনা, লেখা আর জীবন যেন এক ছন্দে ছুটছিল তখন। ছন্দ কাটল বারো বছর বয়সে। মা মারা গেলেন ক্যান্সারে। মধুপুরে। হাওয়া বদল করতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। সুকান্ত তখন কলকাতায়, জেঠিমার কাছে। মায়ের মৃত্যু চোখে দেখলেন না বটে, কিন্তু সব শূন্য হয়ে গেল বুঝলেন। সংসারটা ছন্নছাড়া হয়ে গেল। সবাই সেই বিচ্ছিন্নতা মেনে নিল, সুকান্ত পারলেন না। সেই শুরু হল তাঁর ছন্নছাড়া জীবন। বাবা সারাদিন কাজে ব্যস্ত থাকেন, বাড়িতে এমন কেউ থাকলেন না যিনি, মাতৃহারা ভাইদের ঠিকমতো দেখভাল করে সংসারটাকে ধরে রাখেন। চাকরবাকরেরা সংখ্যায় বাড়ল, কিন্তু যত্ন বাড়ল না। চলল রাস্তায় রাস্তায় ঘোরা, অনাহারঅর্ধাহারের দিন। রাজনীতি ও কাব্যচর্চার দিন। যৌবনেই রোগ এসে ধরলো, ক্ষয় রোগ। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করার স্বপ্ন দেখা কবি, স্বপ্ন বয়ে অকালে চলে গেলেন। রেখে গেলেন ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাষ’-এর মতো স্বপ্নমালা।

জন্ম ও মৃত্যুর মাসটিকে ঘিরে রবীন্দ্রনাথের সঙ্গে সুকান্তর অদ্ভুত উল্টো মিল লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথের বৈশাখে জন্ম, সুকান্তর মৃত্যু এ মাসেই। আবার শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু মাস। এ মাসেই সুকান্তর জন্ম। ৩০ শ্রাবণ, ১৩৩৩; ১৫ আগস্ট, ১৯২৬ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *