Breaking News
Home / TRENDING / ‘এই তৃণমূল আর না’ জানেন, স্লোগান লেখক কমরেড সুজিত জানাকেও জানুন

‘এই তৃণমূল আর না’ জানেন, স্লোগান লেখক কমরেড সুজিত জানাকেও জানুন

নিজস্ব সংবাদদাতা:

তাঁর লেখা স্লোগান ‘এই তৃণমূল আর না’ আন্দোলিত করে চলেছে হরেক মিছিল। গরমাগরম ভোটের বাজারে এই স্লোগান এখন মানুষের মুখে মুখে। দেখে থাকতে পারেন পাড়ার দেওয়ালেও, হয়তো সোশ্যাল মিডিয়ায় কারো পোস্টে পড়েছেন—‘রোজ রোজ নতুন ঢপ/ শিল্প এখন আলুর চপ।’ কিংবা ইউটিউবের ভাইরাল ভিডিওতে শুনেছেন—‘কৃষক মরলে রটনা/ নারী নির্যাতন ছোট ঘটনা।’

এমন আরও উদাহরণ দেওয়া যেতে পারে। কিন্তু সেটা আসল কথা না, কথা হল হুড়মুড় করে জনপ্রিয় হয়ে ওঠা এই স্লোগানগুলো বামেদের মিছিলে প্রথম উঠলেও পরে তা ডান বাম মায় সব রাজনৈতিক দলই প্রয়োজন মতো ব্যবহার করছে। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা বাবুল সুপ্রিয় এমনই কিছু স্লোগান জুড়েই বেঁধে ফেলেছিলেন আস্ত গান। যা নিয়ে বিস্তর বিতর্কও হয়। আসরে নামে নির্বাচন কমিশন। কিন্তু দুঃখের কথা হল, এতকিছু যাঁর লেখা স্লোগান নিয়ে, সেই তাঁকে, সুজিত জানাকে কজন চেনে! এমনকী যাঁরা তাঁর লেখা প্রতিনিয়ত ব্যবহার করছেন ভোটপ্রচারে নিজের নিজের দলের স্বার্থে তাঁরাও স্লোগান স্রষ্টার নামটুকু জানেন না। জানার চেষ্টাও করেন কি?

বয়সে তরুণ সুজিত জানা পাক্কা কমরেড। চ্যানেলের তরফে তাঁকে ফোন করা হলে, জনপ্রিয় হয়ে ওঠা স্লোগান নিয়ে প্রশ্ন করা হলে সুজিত শান্ত স্বরে অতি নির্লিপ্ত গলায় উত্তর দেন, ‘স্লোগানগুলো হয়তো আমি লিখেছি, কিন্তু লেখার পর তা আমার থাকে না।’ যদিও আরও কিছু কথার পর নিজেকে লুকোতে পারেন না সুজিত। বলে ফেলেন, ‘যে নেতারা দুর্নীতি ক’রে দেশের দশের কোটি টাকা চুরি করেন, তাঁদের কাছে স্লোগান চুরি করা আর এমন কী ব্যাপার! দক্ষিণ হলদিয়ার ডিওয়াইএফআইয়ের লোকাল কমিটির পত্রিকা সম্পাদক, রাজনীতির আঙিনায় সাম্প্রতিককালের জনপ্রিয়তম স্লোগান লেখক সুজিত জানার সঙ্গে ফোনালাপে উঠে আসে রাজ্য রাজনীতিতে স্লোগানের ইতিহাসের কথাও। আপাতত সংক্ষেপ বলা যায়, বামেরাই বরাবর এই বিষয়ে অগ্রণী। মিথ হয়ে যাওয়া স্লোগান ‘পুলিশ তুমি যতোই মারো/ মাইনে তোমার একশো বারো’ শোনা গিয়েছিল লালঝাণ্ডাধারীদের মিছিলেই। এরমধ্যে পুলিশের মাইনে যে বিস্তর বেড়েছে তা বলা বাহুল্য। সেই সঙ্গে একের পর এক দশক পেরিয়েছি আমরা। পশ্চিমবঙ্গের মানুষ চাক্ষুষ করেছে হাজারো রাজনৈতিক উত্থান-পতন, ক্ষমতার হাত বদল। কিন্তু কে লিখেছিল ওই মিথ-স্লোগান? নাঃ, তা জানার আজ আর কোনও উপায় নেই হয়তো বা! অথচ এও তো একরকমের সৃজন। পাড়ায় পাড়ায় ভোটের দেওয়ালে ভুল বানানে কত বদখত লেখা, স্লোগান দেখা যায়, তেমনি বিদ্ঘুটে সব ছবি। পদ্ম, জোড়াফুল কী কাস্তে হাতুড়ির চেহারা দেখেই আন্দাজ হয় ‘দেওয়াল-শিল্পীটি’ নিঘ্‌ঘাত ভ্যান গঘ বা পিকাসো। অতএব, সুজিত জানার মতো সবাই পারেন না। আপনি কি চাইলেই লিখতে পারবেন—‘চোর গুন্ডা দেশ চালায়/ পুলিশ লুকায় টেবিলের তলায়।’

পারবেন না। বোধ হয় সুজিতের মতো সংগ্রামও সবাই পারবেন না। পেশায় সে সেলসম্যান। মাসিক আয় টেনেটুনে হাজার পাঁচেক। তাঁর কথায়, ‘দলের কমরেডরা সাহায্য করে বলে, নইলে…’। তারপরেও বউ-বাচ্চা নিয়ে কীভাবে যে জীবন সামলাচ্ছেন!

স্লোগান লেখক চারণকবি কমরেড সুজিত জানাকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *