নীল রায়।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherji) নামে কলকাতা বন্দরের নামকরণ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে টুইট করে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর আক্রমণের মুখে পড়লেন মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সিদ্ধান্ত ঘোষণার পরে ডায়মন্ড হারবারের সংসদ সদস্য টুইট করেন, “বাংলার অন্যতম কিংবদন্তী নেতার নামে কলকাতা বন্দরটির নামকরণের প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে বাংলার কোনও বিরোধ নেই। দুঃখের বিষয় এই যে নাম পরিবর্তন করে বাংলার সাধারণ মানুষের জীবনে স্বস্তি বা উপকার আনবে না।”
সোমবার সেই টুইটের প্রসঙ্গ টেনে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “কলকাতা পোর্ট ট্রাস্টের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অপমান করেছেন প্রধানমন্ত্রী। আর সেই সিদ্ধান্তকে সমর্থন করে ভাইপো তৃণমূল বিজেপির জোটের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন।” সঙ্গে তিনি আরও বলেন, “ভাইপোকে কে অধিকার দিয়েছে বাংলার মানুষের হয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পক্ষে মত প্রকাশ করতে।”
এমন কথা বলে ভাইপো আর পিসির গোপন অভিসন্ধি প্রকাশ্যে এসেছে বলেই অভিযোগ করেন সুজন চক্রবর্তী (Sujan Chakroborty)। প্রসঙ্গত, সুজন চক্রবর্তীর অভিযোগ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে বাংলার শাসকদল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news