নিজস্ব সংবাদদাতা:
সব্যসাচীর তোলা অভিযোগ উড়িয়ে দিলেন সুভাষ। উল্টে দলের মেয়রের বিরুদ্ধে কামান দাগলেন বিধাননগর পুরনিগমের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর। শুক্রবার সুভাষ বোস বলেন, সব্যসাচী দত্ত একজন অসফল মেয়র। সেই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই মেয়রের ‘সুনজর’ তাঁর উপর পড়েছে বলে মনে করেন এই কাউন্সিলর। তাঁর সাফ কথা, চক্রান্ত চলছে। যেহেতু তিনি মেয়রের একাধিক ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এমনকী শুধু মেয়র সব্যসাচী দত্তও নয়, গোটা বিষয়টিতে যে আরও কয়েকজন রাঘববোয়াল রয়েছে তাও আন্দাজ করছেন সুভাষ বোস।
প্রসঙ্গত, গতকাল বিধাননগর পুরনিগমের মেয়র সব্যসাচী দত্ত জানান, তাঁর এলাকার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুভাষ বোসের বিরুদ্ধে কাটমানি খাওয়ার একাধিক অভিযোগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার সব্যসাচী বলেন, তাঁর কাছে অভিযোগ এসেছে, মালির বাগান থেকে শুরু করে সরদারপাড়া, সংহতি পার্কের মতো একাধিক জায়গায় অবৈধ নির্মাণের কাজ চলছে এলাকার কাউন্সিলর সুভাষ বোসের প্ররোচোনায়। জলাশয় ভরাটেরও অভিযোগ রয়েছে। এমনকী প্রমোটিং সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁর (মেয়রের) সই জাল করেছেন সুভাষ বোস, এমনটাও অভিযোগ পেয়েছেন বিধাননগরের মেয়র। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল জানান সব্যসাচী দত্ত।
আজ একাধিক নথি দেখিয়ে সেই অভিযোগ উড়িয়ে উল্টে সব্যসাচীর বিরুদ্ধে তোপ দাগলেন বিধানগর পুরনিগমের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুভাস বোস। সঙ্গে জানিয়ে দিলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news