ওয়েব ডেস্ক:
ফের একাধিক ঋণের ক্ষেত্রে সুদের হার কমাল এসবিআই। এইসঙ্গে এদিন গ্রাহকদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যেমন, গাড়ি কেনার ঋণের ক্ষেত্রে প্রসেসিং চার্জ নেওয়া হবে না আর। কমল গাড়ি ঋণের সুদের হার। নতুন নিয়মে যা শুরু হবে ৮.৭০% থেকে। এরপর যদি এসবিআই-এর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়াইওএনও অ্যাপের মাধ্যমে গাড়ি ঋণের অ্যাপ্লিকেশন করেন গ্রাহক সেক্ষেত্রে সুদের হারে উপড়ি ছাড় মিলবে। চাকুরিজীবীদের গাড়ি কেনার ক্ষেত্রেও সুখবর, এসবিআই-এর ঘোষণা অনুযায়ী চাকুরিজীবীদের ক্ষেত্রে গাড়ির মূল্যের প্রায় ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে তারা।
গৃহ ঋণের ক্ষেত্রেও সুদের হারও বেশ কিছুটা কমিয়ে দিল এসবিআই। মাত্র ৮.০৫% সুদে গৃহ ঋণ পাওয়া যাবে এবার থেকে। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটির তরফে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে এই সমস্ত নতুন নিয়ম লাগু হবে।
শিক্ষা ঋণেও সুদের হার কমানো হয়েছে এদিন। সেক্ষেত্রে সুদের হার ৮.২৫% থেকে শুরু হবে। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সুদের হার কমাল ব্যাঙ্কটি। মাত্র ১০.৭৫% হারে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নেওয়া যাবে এই ব্যাঙ্ক থেকে। অবশ্যই আগামী সেপ্টেম্বর থেকে। এমনকী অন্য ব্যাঙ্কগুলির তুলনায় সবচেয়ে বেশি ঋণ শোধের সময়কাল পাওয়া যাবে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায়। এবার থেকে ৬ বছর পর্যন্ত সময়সীমা পাওয়া যাবে ঋণ পরিশোধের ক্ষেত্রে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news